স্বস্তির বৃষ্টিতে ভেসেছে বাংলাদেশের অনুশীলন

June 10, 2023 at 05:51AM
from somoynews.tv | RSS Feed
স্বস্তির বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন। ভেজা মাঠ আর টানা অনুশীলনের ধকল কাটাতে শেষ পর্যন্ত দলকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।
শুক্রবার (৯ জুন) বৃষ্টির কারণে আফগানিস্তান সিরিজের আগে লাল-সবুজের প্রতিনিধিদের প্রস্তুতি পর্ব মাঠে গড়াতে পারেনি। ঢাকা টেস্টের জন্য ১০ জুন (শনিবার) টিম হোটেলে উঠবে দল। একই দিন দুই ধাপে বাংলাদেশে আসবে আফগানিস্তান। একদিন বিরতি শেষে আফগানরা মাঠের অনুশীলন শুরু করবেন রোববার (১১ জুন) সকালে।
আরও পড়ুন: আফগানিস্তান টেস্টের আগে অধিনায়কের জ্বর, তামিমের ইনজুরি
এ দিকে তপ্ত মিরপুরে একটানা স্বস্তির বৃষ্টিতে প্রসন্ন হয়েছে প্রকৃতি। কেটেছে টাইগারদের ক্লান্তির ছাপ। তীব্র দাবদাহেও বাস্তবতা মেনে গেল কয়েকদিন টাইগাররা অনুশীলন করেছেন একটানা। তবে ভেজা মাঠ, ভেজা আউটফিল্ড আর টানা ধকলের কারণে দেয়া হয়েছে বিশ্রাম।
তবে আসল ব্যস্ততা শুরু হবে শনিবার থেকে। যেদিন ঢাকা টেস্টের জন্য টিম হোটেলে উঠবেন টাইগাররা। যদিও সেদিনও নেই আনুষ্ঠানিক অনুশীলন। তবে ঐচ্ছ্বিক অনুশীলন করতে পারেন স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। এছাড়াও সাদা বলের বিবেচনায় থাকা ক্রিকেটাররাও ঝালিয়ে নেবেন নিজেদের।
একই দিনে দুই ধাপে ঢাকায় পা রাখবে আফগানিস্তান ক্রিকেট দল। প্রথম ধাপে ক্রিকেটাররা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন বেলা ১১টায়। সেখান থেকে তারা সরাসরি যাবে টিম হোটেলে। দ্বিতীয় ধাপে আফগানরা আসবেন বিকেল পাঁচটায়।
২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে খেলা একমাত্র টেস্টে হারের লজ্জা পেয়েছিল টিম টাইগার। সেই ম্যাচের নায়ক রশিদ খান ইনজুরির কারণে এবার ছিটকে গেছেন স্কোয়াড থেকে। আর মোহাম্মদ নবী বিদায় বলেছেন টেস্টকে। তারপরেও হাশমতউল্লাহ শাহিদীর নেতৃত্বে এই দলটাও যথেষ্ট সমীহ জাগানিয়া। বিশেষ করে অভিষেকের অপেক্ষায় থাকা ইজহারুল্লাহ নাভিদ ইতোমধ্যেই আলো কেড়েছেন।
তবে ঢাকা টেস্টকে সামনে রেখে বাংলাদেশও নিজেদের প্রস্তুতিতে রাখছে না কোনো ত্রুটি। এই টেস্ট দিয়ে আবারও সাদা পোশাকের কোচ হিসেবে নিজের যাত্রা শুরু করবেন চান্ডিকা হাথুরুসিংহে। ইনজুরির কারণে সাকিব না থাকলেও লিটনের অধীনে অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে বাংলাদেশ দল যথেষ্ট ভারসাম্যপূর্ণ।
আরও পড়ুন: রশিদ-মুজিব না থাকলেও পূর্ণশক্তি নিয়ে লড়াই করবে বাংলাদেশ
আগামী ১৪ জুন মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।