নাটোরে মির্জা ফখরুল-চাঁদের বিরুদ্ধে মামলা

May 23, 2023 at 06:22AM
from somoynews.tv | RSS Feed
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে নাটোরে মামলা হয়েছে।
সোমবার (২২ মে) রাতে সদর থানায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ শরিফুল ইসলাম রমজান মামলাটি করেন। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতারাও উপস্থিত ছিলেন।
শরিফুল ইসলাম বলেন, 'রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের ইসলামের বক্তব্য একই সূত্রে বাধা। প্রধানমন্ত্রীকে হত্যার ষড়য়ন্ত্রে লিপ্ত থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য এই মামলা দায়ের করা হয়েছে।'
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি / সারা দেশে আওয়ামী লীগের বিক্ষোভ ও মানববন্ধন
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
গত শুক্রবার (১৯ মে) রাজশাহীতে সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেফতার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আর ২৭ দফা-১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনার পদত্যাগের জন্য যা যা করার দরকার আমরা করব ইনশাআল্লাহ।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি /বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে আরও একটি মামলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করে কবরস্থানে পাঠানোর ওই হুমকির প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে সারাদেশ। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করে আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।