বাবাকে হত্যার ২৫ বছর পর মেয়েকেও কুপিয়ে খুন!

May 05, 2023 at 07:01AM
from somoynews.tv | RSS Feed
কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে বাবাকে হত্যার ২৫ বছর পর মেয়েকেও কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষের লোকজন।
বৃহস্পতিবার (০৪ মে) রাত সাড়ে ৮টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালী এলাকায় এ ঘটনা ঘটেছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত লুলু আল মারজান (৪০) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালী এলাকার মৃত মমতাজ মিয়ার স্ত্রী। তিনি ইউনিয়নের গয়ালমারা এলাকায় বেসরকারি সংস্থার পরিচালিত একটি স্বাস্থ্যকেন্দ্রের কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘দীর্ঘদিন ধরে লুলু আল মারজানের পরিবারের সঙ্গে প্রতিবেশী মো. জাহাঙ্গীরের পরিবারের জমির দখল নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে পূর্ব শত্রুতার জেরে বাড়িতে মারজানকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে এগিয়ে এসে মৃত অবস্থায় তাকে দেখতে পায়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।’
আরও পড়ুন: প্রতিবেশীকে কুপিয়ে খুন, গণপিটুনিতে যুবক নিহত
নিহতের ভাই মো. শফিউল্লাহ তুহিন জানান, বৃহস্পতিবার রাতে লুলু আল মারজানের সন্তান ঘরের একটি রুমে পড়ালেখা করছিল। এ সময় তার বোন রান্না ঘরে রাতের খাবার তৈরি করছিলেন। একপর্যায়ে প্রতিবেশী মো. জাহাঙ্গীরের ছেলে মোহাম্মদ ইউছুপের নেতৃত্বে একদল দুর্বৃত্ত মারজানকে কুপিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে স্বজনরা এগিয়ে এলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ১৯৯৯ সালে তার বাবা মোহাম্মদ আলমগীরকে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন হত্যা করেছিল বলেও জানান তুহিন।
তুহিন আরও জানান, জমি দখল-বেদখল নিয়ে তার পরিবারের সঙ্গে প্রতিবেশী মোহাম্মদ জাহাঙ্গীরের পরিবারের মধ্যে কয়েক যুগ ধরে বিরোধ চলছে। এর জেরে তার বাবাকে প্রতিপক্ষের লোকজন খুন করেছিল। বৃহস্পতিবার রাতে ওই ঘটনার ২৫ বছর পর একই বিরোধের জেরে তার বোনকে কুপিয়ে খুন করেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’