পশ্চিমতীরে ফিলিস্তিনি স্কুল গুড়িয়ে দিল ইসরাইল

May 08, 2023 at 09:47AM
from somoynews.tv | RSS Feed
ইসরাইলি কর্তৃপক্ষ অধিকৃত পশ্চিম তীরের একটি স্কুল গুড়িয়ে দিয়েছে। রোববার (৭ মে) ইসরাইলি সেনাবাহিনীর একটি দল স্কুলটি গুড়িয়ে দেয়। এদিকে এই ঘটনা বিশ্ববাসীর কাছ থেকে তীব্র নিন্দা কুড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরাইলি সেনাবাহিনী বিশেষ দল সিওজিএট এক বিবৃতিতে জানিয়েছে, গুড়িয়ে দেয়া স্কুল ভবনটি বেথেলহাম থেকে মাত্র দুই কিলোমিটার দূরত্বে অবস্থিত। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভবনটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল এবং তা সেখানে অধ্যয়নরত এবং যারা পরিদর্শনে যেত তাদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছিল।
সিওজিএট দাবি করেছে, ইসরাইলি আদালতের নির্দেশেই ভবনটি ভেঙে ফেলা হয়েছে। তারা আরও বলেছে, ভবনটির মালিক ভবনটি ধ্বংসের আগে বিষয়টি নিয়ে ইসরাইলি কর্তৃপক্ষের সংলাপের একাধিক প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছিলেন।
আরও পড়ুন: পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা
এদিকে, ইসরাইলি বাহিনীর স্কুল ভবন গুড়িয়ে দেয়ার বিষয়টির নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফিলিস্তিনে থাকা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বলেছে, স্কুলটি ধ্বংস করায় তারা ‘আতঙ্কিত’ এবং এই কাজ ৬০ ফিলিস্তিনি শিশুর জীবনকে প্রভাবিত করবে।
ইইউ প্রতিনিধিদল আরও বলেছে, ভবন গুড়িয়ে দেয়ার বিষয়টি ‘আন্তর্জাতিক আইনের পরিপন্থী’ এবং এই ঘটনা ‘কেবল ফিলিস্তিনি জনগণের দুর্ভোগই বাড়াবে এবং ইতোমধ্যেই বিদ্যমান একটি উত্তেজনাপূর্ণ পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলবে।’
স্কুলটির শিক্ষার্থী এবং ভবন ধ্বংসের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনটিকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে এবং সেখানে যে একসময় স্কুল দাঁড়িয়ে ছিল তার কোনো চিহ্ন মাত্র নেই। প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, ইসরাইলি বাহিনী ভবনের সামগ্রী বাজেয়াপ্ত করা নিয়ে গেছে।
]]>