সল্ট ঝড়ে দিল্লির কাছে উড়ে বেঙ্গালুরু

May 07, 2023 at 06:57AM
from somoynews.tv | RSS Feed
জিতলেই পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে উঠে আসত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সে ক্ষেত্রে প্লেঅফে জায়গা পাওয়ার সম্ভাবনাও বাড়ত অনেকটাই। কিন্তু নিজেদের মাঠে ঝড় তুললেন ফিল সল্ট। আরসিবির ক্ষতে লবণ মাখিয়ে বাড়ালেন যন্ত্রণা। তাতে শেষ পাঁচ ম্যাচে চার জয় নিয়ে প্লেঅফের স্বপ্নটা বাঁচিয়ে রাখল দিল্লি ক্যাপিটালস।
শনিবার (৬ মে) নিজেদের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ২০ বল ও ৭ উইকেট হাতে রেখে হারিয়েছে স্বাগতিক দিল্লি ক্যাপিটালস। এদিন আগে ব্যাট করে বিরাট কোহলি, মাহিপাল লোমরোর ও ফাফ ডু প্লেসির ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান সংগ্রহ করে। জবাবে ফিল সল্টের তাণ্ডবে ২০ বল হাতে রেখেই লক্ষ্য পেরিয়ে যায় দিল্লি।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে ১০.২ ওভারেই ৮২ রান তুলে নেয় বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসির উদ্বোধনি জুটি। ৩২ বলে ৪৫ রান করে মিচেল মার্শের বলে আউট হয়ে যায় বেঙ্গালুরুর অধিনায়ক ডু প্লেসি। ৫ চার ও ১ ছয়ে এই ইনিংস খেলেন তিনি। এর পরের বলেই মার্শ ফিরিয়ে দেন বেঙ্গালুরুর স্বদেশি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলকে।
আরও পড়ুন:দিল্লিকে চ্যালেঞ্জ জানাল বেঙ্গালুরু
তৃতীয় উইকেট জুটিতে মাহিপাল ও কোহলি আরও ৫৫ রান যোগ করেন। ৪৬ বলে ৫ চারে ৫৫ রান করে মুকেশ কুমারের শিকারে পরিণত হন কোহলি।
বেঙ্গালুরুর চ্যালেঞ্জিং সংগ্রহে সবচেয়ে বড় অবদানটা মাহিপাল লোমরের। ২৯ বলে ৬ চার ও ৩ ছয়ে ৫৪ রান করেন তিনি। দিল্লির হয়ে ৩ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নেন মিচেল মার্শ। এছাড়া ১টি করে উইকেট নেন মুকেশ কুমার ও খলিল আহমেদ।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৬ ওভারে ৬০ রানের জুটি গড়েন ফিল সল্ট ও ডেভিড ওয়ার্নার। ষষ্ঠ ওভারের প্রথম বলে হ্যাজেলউডের বলে আউট হয়ে যান ওয়ার্নার। ১৪ বলে ৩ চার ও ১ ছয়ে ২২ রান করেন দিল্লির অধিনায়ক।
দ্বিতীয় উইকেট জুটিতে সল্ট ও মার্শ মিলে ৩২ বলে আরও ৫৯ রান যোগ করেন। হারশাল প্যাটেলের বলে আউট হওয়ার আগে ১৭ বলে ২৬ রান করেন মার্শ। তবে এদিন দিলিকে জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন সল্ট। মাত্র ৪৫ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। কর্ণ শর্মার বলে বোল্ড হওয়ার আগে ৮টি চার ও ৬টি ছক্কা হাঁকান সল্ট।
আরও পড়ুন:মুম্বাইকে হারিয়ে টেবিলে চেন্নাইয়ের উন্নতি
সল্টের বিদায়ের পর রাইলি রুশো অক্ষর প্যাটেলকে নিয়ে প্রয়োজনীয় রানটুকু তুলে নেন। ২২ বলে ১ চার ও ৩ ছয়ে ৩৫ রান করেন রুশো। ৩ বলে ৮ রান করেন প্যাটেল।
বেঙ্গালুরুর হয়ে ১টি করে উইকেট নেন হ্যাজেলউড, শর্মা ও প্যাটেল।
এই হারে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে ওঠার সুযোগ হারাল বেঙ্গালুরু। ১০ ম্যাচে ৫ জয় নিয়ে পঞ্চম স্থানে থাকল ডু প্লেসির দল। অন্যদিকে সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে দিল্লি।