সামরিক স্থাপনায় সহিংসতার প্ররোচনা মামলায় ইমরানের জামিন

May 31, 2023 at 06:06AM
from somoynews.tv | RSS Feed
সামরিক স্থাপনায় সহিংসতায় প্ররোচনা দেয়ার মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার (৩০ মে) দেশটির দুর্নীতি দমন আদালত আগামী ২ জুন পর্যন্ত পিটিআই প্রধানের জামিন মঞ্জুর করেন।
দ্য ডনের প্রতিবেদেনে বলা হয়েছে, সামরিক বাহিনীর স্থাপনায় সহিংসতার মামলায় মঙ্গলবার আদালতে উপস্থিত হন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, যখন সহিংসতার ওই ঘটনা ঘটে তখন তিনি বন্দি ছিলেন। পরে, এই মামলায় আগামী ২ জুন পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন আদালত। এদিন আরও তিনটি মামলায় মুচলেকা দিয়েছেন ইমরান খান।
আরও পড়ুন: পাক স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ইমরানের ১০০০ কোটি রুপির মানহানি মামলা
এদিকে, সাময়িক জামিন পেলেও পাকিস্তানের কয়েকটি সেনানিবাস এবং সেনা স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ইমরান খান সরাসরি জড়িত বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। ইমরান খানকে সামরিক আদালতে তোলা হতে পারে বলেও জানান তিনি।
গত ৯ মে ইসলামাবাদ হাই কোর্ট থেকে ইমরানকে গ্রেফতার করা হয়। এরপরই দেশজুড়ে সহিংসতা চালায় তার সমর্থকরা। পরে, সুপ্রিম কোর্টের নির্দেশের পর মুক্তি দেয়া হয় তাকে। এরপর থেকেই সরকার ও সেনাবাহিনীর সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে আসছেন ইমরান
আরও পড়ুন: ইমরান খানকে কি গৃহবন্দি করা হবে
তবে, তার আলোচনার প্রস্তুাব সরাসরি প্রত্যাখ্যান করে ক্ষমতাসীন পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফ বলেন, রাজনীতিবিদদের মধ্যে আলোচনা হয়। কিন্তু যারা জঙ্গি ও দাঙ্গাকারী, যারা সরকারি ভবন জ্বালিয়ে দেয়, সারা দেশে দাঙ্গার আগুন ছড়িয়ে দেয়, তাদের সঙ্গে কোনো আলোচনা হবে না।