যে সময়ে সর্বোচ্চ গতি অর্জন করবে ঘূর্ণিঝড় মোখা

May 13, 2023 at 06:09AM
from somoynews.tv | RSS Feed
ঘূর্ণিঝড় মোখা তার পুরো জীবদ্দশায় সর্বোচ্চ গতিবেগ অর্জন করবে ঠিক স্থল ভাগে আঘাতের পূর্বে। আর স্থল ভাগের উপরে উঠার পরেও ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় প্রায় ১৬৭ কিলোমিটার।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পরিচালিত ‘জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার’ এর সর্বশেষ পূর্বাভাসের বরাত দিয়ে এমনটাই জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। তার মতে, এটি খুবই বড় দুঃসংবাদ।
এসময় তিনি সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের সতর্ক করে বলেন, ‘গত ১ সপ্তাহ ধরে বার বার স্পষ্ট করে বলেছি যে ১১ মে এর পরে কোন জেলে ছোট নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরতে গেলে প্রাণ নিয়ে বেঁচে আসতে পারবে না।’
আরও পড়ুন: ১২ ফুটের বেশি জলোচ্ছ্বাসের শঙ্কা
জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার হতে প্রাপ্ত তথ্যে, ঘূর্ণিঝড় মোখা আজ রাত ১২ টার সময় যে স্থানে অবস্থান করতেছে সেখানকার সমুদ্রে ২৫ ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি হচ্ছে। রাত থেকেই বাংলাদেশের সকল উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস এর উচ্চতা বৃদ্ধি হওয়া শুরু করবে। আগামীকাল শনিবার সকাল থেকেই বাংলাদেশের সমুদ্র উপকূলে ঘূর্ণিঝড় এর প্রভাব অনুভব করা শুরু করবে।
তাই মোস্তফা কামাল পলাশ সরকারের কাছে অনুরোধ জানিয়ে বলেছেন, শনিবার দুপুরের মধ্যে কক্সবাজার জেলার সকল দ্বীপ এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে নিতে হবে। সেন্টমার্টিন দ্বীপের কোন দারিদ্র মানুষ যেন তাদের কুঁড়েঘরে না থাকে সেটি নিশ্চিত করতে হবে। সবাইকে বাণিজ্যিক হোটেলগুলোতে আশ্রয়ের ব্যবস্হা করতে হবে। সম্ভব হলে মানুষকে টেকনাফে সরিয়ে নিতে হবে।