নাজিরহাট থেকে রামগড় পর্যন্ত রেললাইন সম্প্রসারণের দাবি


May 24, 2023 at 01:49AM
from jagonews24.com | rss Feed

চট্টগ্রামের ফটিকছড়ি লাগোয়া সীমান্তে নির্মিত রামগড় স্থলবন্দর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে গতি বাড়াবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।

মঙ্গলবার (২৩ মে) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি চট্টগ্রাম-নাজিরহাট রেললাইনকে রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জানান।

এসময় তিনি মীরসরাই-সদর-নারায়ণহাট সড়ক চারলেনে উন্নীত করা, নাজিরহাট-সুয়াবিল-হারুয়ালছড়ি-কাজীরহাট এলজিইডি সড়কটি সড়ক ও জনপথ বিভাগের আওতায় এনে অধিগ্রহণ করে চারলেনে উন্নীতকরণ, নাজিরহাট পুরাতন ব্রিজকে ভেঙে নতুন করে নির্মাণ, রামগড় স্থলবন্দর থেকে ভারতের ত্রিপুরার উপর দিয়ে সিলেটের মাধবপুর পর্যন্ত নরসিংদী মৌলভীবাজার সড়কের সঙ্গে সংযুক্ত করা এবং হাটহাজারী বাজারের উপর দীর্ঘ ফ্লাইওভার নির্মাণের দাবি জানান।

অন্যদিকে বুধবার (২৪ মে) বারৈয়ার হাট- হেঁয়াকো- রামগড় সড়ক প্রশস্তকরণ ও আধুনিকীকরণের কাজ শুরু হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এসময় জেলা পরিষদ চেয়ারম্যান পেয়ারুল ইসলাম বলেন, রামগড় স্থলবন্দর চালু হলে ভারতের সঙ্গে বাণিজ্য আরও প্রসারিত হবে। চট্টগ্রাম থেকে বেনাপোল যেতে অনেক সময় প্রয়োজন হয়। কিন্তু রামগড় চালু হলে বেনাপোল স্থলবন্দর দিয়ে যেসব পণ্য আমদানি-রপ্তানি হয় তা আরও কম সময়ে ও খরচে আমদানি করা সম্ভব হবে। এটি অর্থনৈতিক বিবেচনায় সারাদেশের জন্য ইতিবাচক। মীরসরাই অর্থনৈতিক অঞ্চল, চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়ির গভীর সমুদ্রবন্দরের মতো সুফল কাজে লাগাতে রামগড় অধিক ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, রামগড় স্থলবন্দরকে কেন্দ্র করে মীরসরাই-ফটিকছড়িসহ উত্তর চট্টগ্রামে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। বিশেষ করে ফেনী নদীর উপর নির্মিত বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে রামগড়কে সংযুক্ত করে দুই দেশের মানুষকে আরও কাছে টেনে নিয়েছে।

ইকবাল হোসেন/এমএইচআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url