খাল ভরাট করে সীমানা প্রাচীর, কাজ বন্ধ করে দিলেন ইউএনও

May 27, 2023 at 05:10AM
from somoynews.tv | RSS Feed
পটুয়াখালীর কুয়াকাটা পৌর এলাকায় সরকারি খাল ভরাট করে রাতের আধারে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে হাউজিং ব্যবসায়ী ডিবিএল কোম্পানির বিরুদ্ধে। বাধা দিতে গেলে স্থানীয় ও ভূমি কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ করে দখলদাররা।
এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার (২৬ মে) সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন নির্মাণাধীন সীমানা প্রাচীর নির্মাণ কাজ বন্ধ করে দেন। পরে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে লাল নিশান টানিয়ে দেয়ার জন্য নির্দেশ দেন ইউএনও। এ সময় ডিবিএল কোম্পানির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেয়া হয়। তাৎক্ষণিক সরকারি জমি চিহ্নিত করে লাল নিশান টানিয়ে দেয়া হয়।
জানা গেছে, কুয়াকাটা পৌরসভার ২ নং ওয়ার্ডের মাঝি বাড়ি সংলগ্ন এলাকায় এক একর ৩২ শতাংশ সরকারি খাস জমি দখল করে রাতের আধারে সীমানা প্রাচীর নির্মাণ করে দখলে নেয়। যেখানে আগে পানি নিষ্কাশনের খাল ছিল। ওই খাল ভরাট করে দখলে নেয় ডিবিএল কোম্পানি। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে স্থানীয় ভূমি কর্মকর্তারা নির্মাণ কাজ একাধিকবার বন্ধ করে দেয়। বাধা অমান্য করে প্রভাবশালীদের সহযোগিতায় ওই কোম্পানিটি রাতের আধারে সীমানা প্রাচীর নির্মাণ করছিল।
আরও পড়ুন: রোগী সেজে ভুয়া চিকিৎসক ধরলেন ইউএনও, ৬ মাসের কারাদণ্ড
সরেজমিনে দেখা গেছে, ডিবিএল কোম্পানি খাল ভরাটের পাশাপাশি অপর একটি খালের মাঝখানে বিশাল সীমানা প্রাচীর নির্মাণ করে ইতোমধ্যে দখলে নিয়েছে। এই কোম্পানির বিরুদ্ধে কয়েক কোটি টাকার সরকারি জমি দখলের অভিযোগ করেছেন স্থানীয় ভূমি কর্মকর্তারা।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন জানান, ডিবিএল কোম্পানি খাল ভরাট করে এক একর ৩২ শতাংশ সরকারি খাস জমি দখল করে নেয়। রাতের আধারে সীমানা প্রাচীর নির্মাণ করে। বর্তমানে কাজ বন্ধ করে দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, ডিবিএল কোম্পানি কোন অনুমোদন ছাড়াই সীমানা প্রাচীরসহ জমির আকার আকৃতি পরিবর্তন করেছে। যা সম্পূর্ণ অবৈধ। ওই জমিতে লাল নিশান টানিয়ে দেয়া হয়েছে এবং দখলকৃত খাল উদ্ধার করে পুনরায় পুরনো রূপে ফিরিয়ে আনার কথাও জানান তিনি।