নওফেলের দেহরক্ষীর কনুইয়ের গুঁতোয় ওসি আহত, জিডি

April 22, 2023 at 06:06AM
from somoynews.tv | RSS Feed
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের দেহরক্ষী কনুইয়ের গুঁতোর আঘাতে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবিরকে আহত করার অভিযোগ উঠেছে।
দেহরক্ষী সন্তু শীল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ শাখায় উপ সহকারী পরিদর্শক হিসেবে কর্মরত আছেন।
নগরীর পাথরঘাটা ওয়ার্ডে একটি কর্মসূচিতে যোগ দিতে যাবার পথে বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে উপমন্ত্রী নওফেলের সামনে এ ঘটনা ঘটেছে।
উপমন্ত্রী ওসি জাহিদুল কবীরের কাছ থেকে ঘটনা শুনে এ বিষয়ে সিএমপি কমিশনারকে অভিযোগ দেয়ার নির্দেশ দেন।
উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম-৮ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের সংসদ সদস্য। ২০১৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে উপমন্ত্রীর দায়িত্ব পাবার পর থেকেই এএসআই সন্তু শীল তার দেহরক্ষী হিসেবে নিযুক্ত আছেন।
আরও পড়ুন: সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহত করতে সব রকমের প্রস্তুতি আছে: নওফেল
বৃহস্পতিবার দুপুরে নগরীর লালদিঘী মাঠে এক ব্যক্তির জানাজায় যোগ দিতে যান শিক্ষা উপমন্ত্রী। সেখান থেকে তিনি পাথরঘাটা এলাকার একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। উপমন্ত্রীকে বহনকারী গাড়ির সামনে ছিল প্রটোকলের গাড়ি। আর এর আগে ছিল ওসি জাহিদুল কবীরের গাড়ি। পাথরঘাটার নজু মিয়া লেনের মুখে গাড়ি থামার পর নেমে হেঁটে অনুষ্ঠানস্থলে যাচ্ছিলেন নওফেল। পেছনে ছিলেন দেহরক্ষী সন্তু। নওফেলের পাশে ছিলেন ওসি। হঠাৎ এএসআই সন্তু পেছন থেকে এগিয়ে বাম হাতের কনুই দিয়ে ওসিকে গুঁতো দিয়ে নওফেলের পাশে চলে যান বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্য ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ধাক্কা দেয়ার সঙ্গে সঙ্গেই ওসি জাহিদুল দাঁড়িয়ে যান। তিনি উপমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে অভিযোগ করেন। তখন ওসি জাহিদুল ও এএসআইয়ের সঙ্গে তর্কবিতর্ক হয়। তখন নওফেল ওসিকে মঞ্চে যেতে বলেন। উপমন্ত্রী মঞ্চে ওঠার পর ওসি জাহিদুল সেখানে গিয়ে তাকে বিষয়টি খুলে বলেন। কনুইয়ের গুঁতোয় আঘাত পাওয়া হাতটিও তাকে দেখান ওসি।
এরপর ওসি জাহিদুল কবীর সিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ দেন। অভিযোগের কপি দেয়া হয়েছে সিএমপির বিশেষ শাখা ও প্রশাসনিক শাখার দুই উপ কমিশনারকেও।
সিএমপির উপ কমিশনার মো. আব্দুল ওয়ারীশ বলেন, একটা ঘটনা ঘটেছে আমি মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ পাইনি। হয়ত ঈদের ছুটির কারণে টেবিলে আসেনি। সোমবার (২৪ এপ্রিল) অফিস খোলার পর এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।