মুস্তাফিজকে নিয়েও ভাগ্য বদল হলো না দিল্লির


April 12, 2023 at 05:51AM
from somoynews.tv | RSS Feed

টানা তিন হারে ব্যাকফুটে চলে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে তাই বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে নেমেছিল তারা। একাদশে জায়গা পেয়েছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমানও। কিন্তু তাতেও ভাগ্য বদল হলো না দিল্লির। মুম্বাইয়ের কাছে ৬ উইকেটে হারল তারা।

মঙ্গলবার (১১ মার্চ) অরুন জেটলি স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে দারুণ শুরু পায় মুম্বাই। প্রথম উইকেটজুটিতে ৭১ রান তোলে তারা। এ সময় ৩১ রান করে আউট হন ইশান কিশান। মুম্বাইয়ের দলীয় ১৩৯ রানে ২ উইকেট পড়ে। দুটি উইকেটই নেন মুকেশ কুমার। ৪১ রানে তিলক বার্মা ও শূন্য রানে সূর্যকুমার যাদব প্যাভিলিয়নে ফেরেন।


আরও পড়ুন: আইপিএলে নেমেই উইকেট পেলেন মুস্তাফিজ


টানটান উত্তেজনার ম্যাচে ১৭তম ওভার করতে আসেন টাইগার পেসার ফিজ। শুরুতেই ৪ হজম করলেও পরের দুটি বলই ডট দেন তিনি। তৃতীয় বলে রোহিতের উইকেট তুলে নেন কাটার মাস্টার। ফিজের ওয়াইড লেংথের বলে উইকেটকিপার অভিষেক পুড়েলকে ক্যাচ দেন মুম্বাই অধিনায়ক। ৪৫ বলে ৬ চার ও ৪ ছয়ে ৬৫ রান করেন তিনি। পরের ওভারে এনরিচ নর্কিয়া ৬ রান খরচ করেন। কিন্তু ফিজ ১৯তম ওভারে ১৫ রান খরচ করলে ম্যাচে ফিরে মুম্বাই।


শেষ ওভারে জয়ের জন্য মুম্বাইয়ের ৫ রান দরকার ছিল। প্রথম তিন বলে নর্কিয়া ২টি ডট দিয়ে ম্যাচ জমিয়ে তোলেন। এরমধ্যে দ্বিতীয় বলে টিম ডেভিডের ক্যাচ ছেড়ে দেন মুকেশ কুমার। ওভারের পঞ্চম বলে রানআউটের সুযোগ হাতছাড়া করে দিল্লি। ফলে শেষ বলে জয়ের জন্য ২ রান দরকার ছিল রোহিত শর্মাদের। ডেভিড সোজা ব্যাট চালিয়ে সেই রান তুলে ফেলেন। শেষ পর্যন্ত ডেভিড ১৩ ও ক্যামেরুন গ্রিন ১৭ রানে অপরাজিত ছিলেন।


এর আগে সব কটি উইকেট হারিয়ে ১৭২ রান করে মুস্তাফিজদের দিল্লি। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন অক্ষর প্যাটেল। প্যাটেলের ইনিংসে ছিল ৪টি চার ও ৫টি ছক্কার মার। এছাড়া ওপেনার ও অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৪৭ বল থেকে ৬টি চারের সাহায্যে ৫১ রান করেন। মুম্বাইয়ের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন জেসন বেহরেনডর্ফ ও পীযূষ চাওলা।


দিল্লির প্রথম উইকেটের পতন ঘটে দলীয় ৩৩ রানে। ৩.৪ ওভারে হৃতিক শোকিনের বলে কাটা পড়েন দিল্লি ওপেনার পৃথ্বী শ (১০ বলে ১৫ রান)। ৭৬ রানে দ্বিতীয় উইকেট হারায় দিল্লি। ৯.৫ ওভারে পীযূষ চাওলার বলে আউট হন মনীশ পান্ডে (১৮ বলে ২৬ রান)।


আরও পড়ুন: আইপিএলে লিটনকে ভালো করার টোটকা দিলেন সাকিব


ব্যাট হাতে ব্যর্থ হন যশ ধুল্ল (৪ বলে ২ রান), রোভম্যান পাওয়েল (৪ বলে ৪ রান) ও ললিত যাদব (৪ বলে ২ রান)। তবে বিপর্যয়ের মুহূর্তে দলের হাল ধরেন অক্ষর প্যাটেল। তিনি শেষ পর্যন্ত ২৫ বলে ৫৪ রান করে আউট হন। সেইসঙ্গে ওয়ার্নার-প্যাটেলের ৩৫ বলে ৬৭ রানের জুটিও ভাঙে। অক্ষর ফেরার পরেই দলীয় কোনো রান যোগ না করে অধিনায়ক ওয়ার্নারও আউট হন। শেষ পর্যন্ত ১ বলে ১ রান করে অপরাজিত ছিলেন মুস্তাফিজ।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url