রূপপুরের পণ্য নিয়ে রাশিয়ান জাহাজ মোংলায়

April 26, 2023 at 05:33AM
from somoynews.tv | RSS Feed
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ পণ্যের চালান নিয়ে আরও একটি বিদেশি জাহাজ ‘এম ভি ইয়ামাল ওরল্যান’ মোংলা বন্দরে এসে নোঙর করেছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বন্দরের ৮ নম্বর জেটিতে এসে পৌঁছায় জাহাজটি।
এবারের জাহাজে দুই হাজার ৫২২ মেট্রিকটন মেশিনারি পণ্য রয়েছে। বিদেশ থেকে আসা এ পণ্য খালাসে দুই থেকে তিন দিন সময় লাগবে বলে জানিয়েছেন বন্দরের শ্রমিক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লিমিটেডের খুলনার ব্যবস্থাপক (অপারেশন) সাধন কুমার চক্রবর্তী বলেন, পাবনায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্য নিয়ে আরও একটি চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে। মঙ্গলবার দুপুরের পর মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করা জাহাজটিতে দুই হাজার ৫২২ মেট্রিকটন বিভিন্ন মেশিনারি পণ্য রয়েছে।
রাশিয়ান পতাকাবাহী ‘এম ভি ইয়ামাল ওরল্যান’ জাহাজটি গত ২৮ মার্চ রাশিয়ার নোভরোসিস্ক বন্দর ছেড়ে আসে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জন্য এক হাজার ৩০০ প্যাকেজে মোট দুই হাজার ৫২২ মেট্রিকটন বিভিন্ন মেশিনারিজ যন্ত্রাংশ রয়েছে। এদিন রাতের পালা থেকে পণ্য খালাস শুরু করে শ্রমিক ঠিকাদারি প্রতিষ্ঠান। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দ্রুত সময়ে আধুনিক পদ্ধতিতে জনবল দিয়ে এসব পণ্য জেটিতে খালাস শেষে সড়ক পথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দেয়া হবে।
এর আগে সর্বশেষ গত ৭ মার্চ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে এক হাজার ২০০ মেট্রিকটন মেশিনারি পণ্য আনা হয়েছিল।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, বাংলাদেশে নির্মাণাধীন বড় বড় সব মেগা প্রকল্পের মালামাল মোংলা বন্দর দিয়ে খালাস হচ্ছে। সময় এবং অর্থ সাশ্রয়ে আধুনিক পদ্ধতিতে ও দক্ষ জনবল দিয়ে এসব পণ্য খালাস করা হয়। এতে দিন দিন দেশি-বিদেশি আমদানি-রফতানিকারক ব্যবসায়ীরা মোংলা বন্দরের ওপর নির্ভরশীল হচ্ছেন। তাই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আমদানি-রফতানিকৃত পণ্য খালাস-বোঝাই করতে বা এ বন্দর ব্যবহারের জন্য মোংলা বন্দরের সকল কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।