স্বাধীনতা স্তম্ভের চূড়া থেকে ‘ব্লু হোয়েলে’ আসক্ত যুবক উদ্ধার

April 07, 2023 at 06:57AM
from somoynews.tv | RSS Feed
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ১৫০ ফুট উচ্চতার স্বাধীনতা স্তম্ভের (গ্লাস টাওয়ার) চূড়া থেকে সুজন মিয়া (২৫) নামে এক যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তিনি ব্লু হোয়েল গেমে আসক্ত হয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা ওই যুবককে টাওয়ার থেকে নামিয়ে আনেন।
সুজন মিয়ার গ্রামের বাড়ি মানিকগঞ্জে। তিনি থাকেন ঢাকার কেরাণীগঞ্জে। সুজন জানিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি লাফ দিয়ে আত্মহত্যার পরিকল্পনা করছিলেন।
জানা যায়, গ্লাস টাওয়ারে এক ব্যক্তিকে উঠতে দেখেন নিরাপত্তাকর্মীরা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় তাকে নিচে নামাতে সক্ষম হন।
আরও পড়ুন: বসতঘর থেকে রক্তাক্ত অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার
ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. ইউনুস আলী সংবাদ মাধ্যমকে বলেন, খবর পেয়ে সোহরাওয়ার্দী উদ্যানের ১৫০ ফুট উচ্চতার গ্লাস টাওয়ার থেকে সুজন মিয়া নামে এক যুবককে উদ্ধার করেছি। প্রথমে ওই যুবকের সঙ্গে সময়ক্ষেপণের জন্য বিভিন্ন কথাবার্তা বলতে থাকি। তিনি সিগারেটের আবদার করলে সময়ক্ষেপণের জন্য ওপরে তার কাছে সিগারেটও পাঠাই। পরে তাকে টাওয়ার থেকে নামিয়ে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।