২৫ মের আগে ব্রাজিলের কোচ হবেন আনচেলত্তি

April 28, 2023 at 06:01AM
from somoynews.tv | RSS Feed
বিশ্বকাপের পর চার মাস পেরিয়ে গেলেও ব্রাজিল এখনো খুঁজে পায়নি তাদের পরবর্তী কোচ। তবে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি এদনালদো রদ্রিগেজ 'আশাবাদী' ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে নিয়ে। ২৫ মের ডেডলাইন শেষ হওয়ার আগেই কিংবদন্তি কোচ সেলেসাওদের ডাগআউটে বসবেন বলে মনে করেন তিনি।
কাতার বিশ্বকাপেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে যায় হট ফেবারিটের তকমা নিয়ে কাতারে পা রাখা দলটি। বিদায় নিশ্চিত হওয়ার পর সেলেসাওদের কোচের দায়িত্ব ছেড়ে দেন তিতে। এরপরই প্রথমবারের জন্য কোচের খোঁজে ব্রাজিলের বাইরে নজর দেয় কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ)।
ব্রাজিলের পরবর্তী কোচ হিসেবে পছন্দের শীর্ষে আছেন রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ হওয়ার প্রস্তাব পেয়ে দারুণ খুশি এই ইতালিয়ান। কিন্তু রিয়াল মাদ্রিদের সঙ্গে চলমান চুক্তি শেষের আগে অন্য কোনো দলের দায়িত্ব নিতেও ইচ্ছুক নন তিনি। ব্রাজিলের অপেক্ষাও তাই শেষ হচ্ছে না। রিয়ালের সঙ্গে আনচেলত্তির চুক্তির মেয়াদ ফুরাবে ২০২৪ সালে।
আরও পড়ুন:হল্যান্ড বনাম ভিনিসিউস নয়, লড়াইটা হবে দুই দলের
রদ্রিগেজ অবশ্য তার আগেই আনচেলত্তিকে ব্রাজিলের কোচ হিসেবে দেখার ব্যাপারে আশাবাদী। চলতি বছরের ২৫ মের আগেই আনচেলত্তির পক্ষ থেকে ইতিবাচক উত্তর আসবে বলে আশা করছেন সিবিএফ প্রধান, যা রিয়াল মাদ্রিদের শেষ অফিসিয়াল ম্যাচেরও বেশ আগেই।
স্থানীয় গণমাধ্যমকে সিবিএফ প্রধান বলেন, 'পরিস্থিতি সামনের দিকে এগোচ্ছে। আমরা ২৫ মে জাতীয় দলের পরবর্তী স্কোয়াড ঘোষণার আগেই একটা পরিষ্কার ছবি আঁকার চেষ্টা করছি।'
আরও পড়ুন:রোনালদোর জার্সি চেয়ে অপমানিত প্রতিপক্ষের খেলোয়াড়
রিয়াল মাদ্রিদের লিগের ফর্ম অবশ্য ব্রাজিল ফুটবলের সভাপতিকে আশার আলোই দেখাচ্ছে। বিশেষ করে জিরোনার বিপক্ষে ৪-২ গোলের হারের পর আনচেলত্তির পায়ের নিচের মাটি অনেকটাই আলগা হয়ে পড়েছে। এই হারের পর লিগ শিরোপার দৌড়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে এক প্রকার আত্মসমর্পণই করেছে লস ব্লাঙ্কোরা। রিয়ালের সামনে এখন গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচ, যা নির্ধারণ করে দেবে ক্লাবটিতে আনচেলত্তির ভাগ্য।
৬ মে কোপা দেল রে'র ফাইনালে ওসাসুনার মুখোমুখি হবে রিয়াল। এরপর ৯ ও ১৭ মে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়বে আনচেলত্তির দল। মূলত এই তিন ম্যাচের ফলের ওপরই ইতালিয়ান কিংবদন্তি কোচের চাকরি নির্ভর করছে। যদি এই ম্যাচগুলোয় জয় ছিনিয়ে আনতে পারেন তবে রিয়ালে আগামী জুন পর্যন্ত আনচেলত্তির টিকে যাওয়া প্রায় নিশ্চিত। কিন্তু হেরে গেলে হয়ত ডেডলাইনের আগে ব্রাজিলের ডাগআউটে দেখা যাবে চারবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচকে।