মেহেরপুরের বাজার থেকে মধুমতি লবণ প্রত্যাহারে আদালতের নির্দেশ

April 10, 2023 at 06:37AM
from somoynews.tv | RSS Feed
নিম্নমান ও অস্বাস্থ্যকর লবণ বাজারজাত করার অপরাধে মেহেরপুরে মধুমতি সল্টের ম্যানেজার গিয়াস উদ্দিন এবং আঞ্চলিক ডিলার মো. আকবর আলীর বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা হয়েছে।
রোববার (৯ এপ্রিল) মেহেরপুর সদর আমলী আদালতের বিচারক এস এম শরিয়ত উল্লাহ অভিযুক্ত দুই আসামিকে বিচারের সম্মুখীন করতে তাদের বিরুদ্ধে সমন জারি করেছেন। একইসঙ্গে ২০ এপ্রিলের মধ্যে মেহেরপুরের বাজারে সরবরাহ করা সমস্ত লবণ প্রত্যাহার করে প্রতিবেদন আদালতে দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।
মেহেরপুরে অস্বাস্থ্যকর ও নিম্নমানের মধুমতি লবণ দীর্ঘদিন ধরে বিক্রি করে ক্রেতাদের ঠকিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে আদালত মধুমতি সল্ট প্রতিষ্ঠানটির বিরুদ্ধে স্বপ্রণোদিত মামলা দায়ের করেন।
আদালত নালিশকারীদের নালিশ এবং দাখিলী কাগজপত্র পর্যালোচনা করে লবণের নমুনা পরীক্ষার নির্দেশ দেন। আদালতের নির্দেশে ৩০ জানুয়ারি মহাখালীর জনস্বাস্থ্য ইন্সটিটিউটের নমুনা পরীক্ষা ও বিশ্লেষণের ফলাফলের সনদ পর্যালোচনায় দেখা যায়, মধুমতি আয়োডিনযুক্ত লবণ বলা হলেও রাসায়নিক পরীক্ষায় লবণে আয়োডিনের অস্তিত্ব নিয়ে বিতর্ক ও লবণটি মানসম্মত নয় বলে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: খাবারের লবণ নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
এই নিম্নমানের মধুমতি লবণ বাজার থেকে উঠিয়ে নেয়ার জন্য নালিশকারী ১০ মার্চের মধ্যে মধুমতি আয়োডিন সল্টের মেহেরপুর ডিলার আকবর আলীকে নোটিশ ইস্যু করা স্বত্বেও তা অমান্য করে বাজারে মানহীন অস্বাস্থ্যকর লবণ বিক্রি অব্যাহত রাখেন।
আদালত সার্বিক বিবেচনায় মধুমতি সল্টের ম্যানেজার গিয়াস উদ্দিন ও মেহেরপুর আঞ্চলিক ডিলার মো. আকবর আলীর বিরুদ্ধে সমন জারিসহ দ্রুত সমস্ত বাজার থেকে লবণ প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে ২১ মে মামলার পরবর্তী আইনগত আদেশের দিন ধার্য করেছেন।