জার্মানির এক তৃতীয়াংশ কূটনীতিককে বহিষ্কার করবে রাশিয়া

April 23, 2023 at 05:56AM
from somoynews.tv | RSS Feed
রাশিয়ায় জার্মান দূতাবাসে কর্মরত জার্মান কূটনীতিকদের সংখ্যা কমিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করছে। মস্কোর জার্মান দূতাবাসের এক তৃতীয়াংশ কূটনীতিকদের রাশিয়া থেকে বহিষ্কার করা হতে পারে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (২২ এপ্রিল) এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নতুন এ সিদ্ধান্ত মূলত বার্লিনের রুশ দূতাবাস থেকে রুশ কূটনীতিকদের বহিষ্কারের জবাব। গত বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকে ক্রমেই দুই দেশের মধ্যে সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে। অথচ, এর আগে দেশ দুটি একে অপরে সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী ছিল।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ২০ জনেরও বেশি জার্মান কূটনীতিককে বাড়ি ফেরত পাঠানো হবে। এটি মূলত জার্মানি থেকে রাশিয়ার কূটনীতিকদের ‘ব্যাপক আকারে বহিষ্কারের’ জবাব।
আরও পড়ুন: ইইউর ১৮ কূটনীতিককে বহিষ্কার করে প্রতিশোধ নিল মস্কো
বর্তমানে রাশিয়ায় জার্মানির প্রায় ৯০ জন কূটনীতিক কাজ করছেন। বিষয়টির সঙ্গে পরিচিত এক জার্মান কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই ৯০ জনের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ কূটনীতিককে ফেরত পাঠাবে রাশিয়া। এর আগে, জার্মান সংবাদপত্র বিল্ড জানিয়েছিল, প্রায় ৩৪ জন কর্মকর্তাকে রাশিয়া বহিষ্কার করবে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘রাশিয়া মস্কো থেকে জার্মান সিদ্ধান্তের জবাবে সে দেশের কয়েকজন কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।’ বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ায় জার্মান রাষ্ট্রদূত গেজা আন্দ্রেয়াস ভন গাওয়ার বিষয়টি অবগত রয়েছেন। তাকে গত ৫ এপ্রিল বিষয়টি জানানো হয়েছে, সে সময় বার্লিন থেকে ২০ রুশ কূটনীতিবিদকে বহিষ্কারের পরপরই।