ছদ্মবেশে ১৩ বছর পালিয়ে থেকেও রক্ষা পেলেন না সাদ্দাম

April 20, 2023 at 05:06AM
from somoynews.tv | RSS Feed
ময়মনসিংহের কোতোয়ালি থানার চাঞ্চল্যকর আশা হত্যা মামলায় ১৩ বছর ধরে পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার মাওনা থানা এলাকা হতে র্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে। আনোয়ার হোসেন সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেন।
আনোয়ার হোসেন জানান, কোতোয়ালি থানাধীন মাসকান্দা এলাকায় আধিপত্য বিস্তার ও টাকা পাওনা আদায়কে কেন্দ্র করে বিরোধের জেরে গ্রেফতার হওয়া আসামি সাদ্দামসহ অন্য আসামি সুজন, সোহাগ, উজ্জ্বল, মিল্লাত ও মানিক তাদের প্রতিবেশী ফজলুল হকের ছেলে আশাকে ২০১০ সালে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে।
আরও পড়ুন: ১৩ বছর পালিয়ে থেকেও হয়নি রক্ষা, হত্যা-বিস্ফোরক মামলায় গ্রেফতার ২
তিনি আরও জানান, এ বিষয়ে আশার বাবা মো. ফজলুল হক বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে গ্রেফতার এড়ানোর জন্য আসামি সাদ্দাম দীর্ঘ ১৩ বছর যাবৎ দেশের বিভিন্ন জায়গায় নিজের পরিচয় গোপন করে গাঁ ঢাকা দিয়ে ছদ্মবেশে পালিয়ে ছিল। সোহাগ ও সাদ্দাম ছাড়া বাকি সব আসামিকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে এই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে আসামি সুজন, সাদ্দাম ও সোহাগের বিরুদ্ধে বাদীর আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত চলতি বছরের ৫ মার্চ তাদের তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। উজ্জ্বলের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়। মিল্লাত ও মানিক জামিনে থাকা অবস্থায় স্বাভাবিকভাবে মারা যায়। আর পলাতক সাদ্দামকে বুধবার গ্রেপ্তার করা হয়েছে।