‘সবাই আওয়ামী সরকারের পতনের দিকে তাকিয়ে’

April 15, 2023 at 11:02PM
from jagonews24.com | rss Feed
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন রোজা হলেও আন্দোলনের গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছেছি। চট্টগ্রামের বিশাল সমাবেশ থেকে আন্দোলনের শুরু হয়েছিল। এই বীর চট্টলা থেকেই পরবর্তী চূড়ান্ত আন্দোলনের যাত্রা হবে।
শনিবার (১৫ এপ্রিল) নগরীর কাজির দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চরম আন্দোলনের প্রস্তুতি রাখতে হবে। দেশের মানুষ ভালো নেই, সবাই তাকিয়ে রয়েছে শেখ হাসিনার পতনের দিকে। টিসিবির লম্বা লাইনই আওয়ামী উন্নয়নের জলন্ত উদাহরণ। বিনাআন্দোলনে ফ্যাসিবাদ থেকে মুক্তি পাওয়ার নজির সারা দুনিয়ার কোথাও নেই। আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। জনগণ তাদের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। হাসিনা সরকারের অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে। এ অবস্থায় আন্দোলনের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা এগিয়ে যেতে চাই।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, আন্দোলনের কর্মসূচি অক্ষরে অক্ষরে পালন করবো। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। ২০১৪ ও ২০১৮ সালের মতো আর কোনো নির্বাচন হবে না। আজ ৩৪টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে ‘আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো’- এ কথা বাস্তবায়নে। আগামী নির্বাচন একটি জাতীয় সরকারের অধীনে দিতে হবে।

সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, আওয়ামী লুটপাটের ইতিহাস বহু পুরোনো। বর্তমানে ৭৪’র পুনরাবৃত্তি চলছে। বাকস্বাধীনতা নেই বিধায় মানুষ সরকারের সমালোচনা করতে পারছে না। বাকশালী কায়দায় দেশ চলছে। এই সরকারকে আন্দোলনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমরা যুদ্ধের ময়দানে লড়তে এসেছি। আমরাই লড়বো, আমরাই গড়বো। দেশের মানুষ সরকারের পতন চায়, খালেদা জিয়ার মুক্তি চায়। তারেক রহমান আজ প্রবাসে। বীরের বেশে তারেক রহমান দেশে আসবে। সেই অপেক্ষায় রয়েছে মানুষ।
এসময় তিনি চট্টগ্রাম বিভাগীয় যুবদলের নেতাকর্মীদের আগামীর চূড়ান্ত আন্দোলন-সংগ্রামের জন্য ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকার আহবান জানান।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি মুহাম্মদ শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার, চেয়ারপারসেনের উপদেষ্ঠা এসএম ফজলুল হক, চট্টগ্রাম নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন।
কেন্দ্রীয় যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সহসাধারণ সম্পাদক মঞ্জুরুল আজিম সুমন ও সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহমদ উজ্বলের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি ইমাম হোসেন, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, জিয়াউর রহমান জিয়া, শাহ আলম চৌধুরী, রেজাউল করিম লিটন, সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস মুন্না, মো. কামাল উদ্দিন দাদা, কেন্দ্রীয় যুবদলের উপজাতি বিষয়ক সম্পাদক আবু সাদাত মুহাম্মদ সায়েম। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. শাহজাহান, হাসান জসিম, মাহবুবুল আলম সবুজ, জাকির হোসেন জসিম, মো. নুরুন্নবী, মো. জহির উদ্দিন মাসুম, মোহাম্মদ আজগর, এসএম মুরাদ চৌধুরী, ইব্রাহিম খলিল, নুরুল আমিন খান, নাসির উদ্দিন, সৈয়দ রাশেদুল হাসান লিংকন, জিসান উদ্দিন, আরিফুল ইসলাম চৌধুরী প্রমুখ।
এমডিআইএইচ/কেএএ