‘হানি ট্র্যাপে’ শাকিব খান, আদালতে মামলার ঘোষণা

March 19, 2023 at 07:33AM
from somoynews.tv | RSS Feed
কথিত প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা নেয়নি গুলশান থানা পুলিশ। আর তাই এবার আদালতে মামলা করার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক শাকিব খান।
শনিবার (১৮ মার্চ) মধ্যরাতে গুলশান থানা থেকে বেরিয়ে এ ঘোষণা দেন তিনি।
শাকিব বলেন, ‘আমাকে থানা পরামর্শ দিয়েছে যে এই মামলাগুলো যদি কোর্টে করেন তাহলে আরও ভালো হয়। যেহেতু উনারা পরামর্শ দিয়েছেন সেহেতু আমি কাল (রোববার) থেকে কোর্টে যাবো। কোর্টে গিয়ে এটা ফেস করবো।’
আগামীকালই কোর্টে যাবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আমার লিগ্যাল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে আগামীকাল যাবো। অবশ্যই যাবো, ইনশাআল্লাহ।
আরও পড়ুন: গুলশান থানায় শাকিব খান
শাকিব খানের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট খাইরুল বলেন, অস্ট্রেলিয়াতে যে মামলাটির কথা বলা হচ্ছে সেটা কিন্তু অস্ট্রেলিয়াতে তদন্ত হয়েছে। উনি (শাকিব) যদি দোষী প্রমাণিত হতেন তাহলে কেস শেষ না হওয়া পর্যন্ত কিন্তু বাংলাদেশে আসতে পারতেন না। যদি গ্রেফতার হতেন অবশ্যই নিউজ পেতেন। নারীঘটিত কেলেঙ্কারি করতেন তাহলে গ্রেফতার ছাড়া এদেশে আসতে পারতেন না। আপনারা এ সংবাদ নিশ্চয়ই পাননি। এ সংবাদ সম্পূর্ণ ভুয়া এবং সাজানো। অস্ট্রেলিয়ান পুলিশ তদন্ত করার পর শাকিবকে বলেন, ‘মিস্টার খান, দিস ইজ এ হানি ট্র্যাপ, সো বি অ্যাওয়ার ইউরসেলফ ফ্রম দেম।’
আরও পড়ুন: শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রযোজকের
তিনি আরও বলেন, একটা চক্র তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তার কাছ থেকে অসৎ উপায়ে কিছু টাকা নেয়ার উদ্দেশে এবং তার কিছু ব্যক্তিগত ইস্যুকে পুঁজি করে মিডিয়াতে বিভিন্ন রকমের কুৎসা রটিয়ে যাচ্ছে। আমরা এ জিনিসটি অবগত করতে থানায় এসেছি। আমরা আগামীকাল পেনাল কোডের ৩৮৫ ধারায় আদালতে একটি অভিযোগ দায়ের করব। যদি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা যায় সেটাও করব।
গত ১৫ মার্চ শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ ও ধর্ষণের মতো বিস্ফোরক অভিযোগ নিয়ে চলচ্চিত্রের তিন সমিতিতে অভিযোগ করেন ‘অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ।
লিখিত অভিযোগে তিনি দাবি করেন, অস্ট্রেলিয়ায় ধর্ষণের অভিযোগে শাকিব গ্রেফতারও হয়েছিলেন। শাকিবের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান পুলিশ তদন্ত করেছে এবং প্রয়োজনে এ সম্পর্কিত নথি তিনি সরবরাহ করবেন।
তার ওই অভিযোগে শাকিবের ঠিক সময়ে শুটিংয়ে না আসা, ব্যয়বহুল যৌনাচার আর নারী সহপ্রযোজককে ধর্ষণের বিস্তারিত তথ্যও উল্লেখ করেন।