সাভারে শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ, আহত ১০

March 14, 2023 at 06:08AM
from somoynews.tv | RSS Feed
ঢাকার সাভারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসাপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে রাত ১১টা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে চারাবাগ এলাকায় ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মোটরসাইকেলের সাথে লেগুনার ঘষা লাগা থেকে ঘটনার সূত্রপাত। এরপরই দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গাড়ি ভাংচুরের পাশাপাশি বেশ কয়েকটি দোকানও ভাংচুর করা হয়।
আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় বাসিন্দা শফিক মৃধা জানান, এক ছাত্রের মোটরসাইকেলের সাথে লেগুনার ঘষা লাগলে বাকবিতণ্ডা হয়। এতে এলাকার লোকজন ও আশপাশের দোকানদাররা জড়িয়ে পড়েন। ওই সময় শিক্ষার্থীদের সাথে তাদের হাতাহাতিও হয়। এতে শিক্ষার্থীরা এলাকার একজনকে মারধর করে আহত করে।
পরে এলাকাবাসী শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। কিছুক্ষণ পর ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির ৩০-৪০ জন শিক্ষার্থী লাঠি ও দেশিয় অস্ত্র নিয়ে দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় এলাকার অনেককেই মারধর করে রক্তাক্ত করে তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: রাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে রেললাইনের মালামাল চুরির অভিযোগ
কুমকুমারী মৃধা বাড়ির মোড় এলাকার মুদি দোকানী আব্দুল কাদের জানান, মারামারি দেখে দোকান বন্ধ করে আমি বাসায় গেছি। রাত ১০টার দিকে ছাত্ররা এসে এলাকার দোকানে হামলা চালায়। এসময় আমার দোকানের ১০ হাজার টাকার সিগারেট ও নগদ টাকা নিয়ে যায়।
এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর সাথে মারামারির ঘটনায় পরিস্থিতি এখন শান্ত বলে জানিয়েছে পুলিশ। কিন্তু পুলিশের কোন কর্মকর্তা নিজেদের পরিচয় প্রকাশ করতে চাননি।