মালয়েশিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

March 19, 2023 at 05:24AM
from somoynews.tv | RSS Feed
মালয়েশিয়ার কুয়ালামপুরস্থ বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’- এই প্রতিপাদ্যে অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
শুক্রবার (১৭ মার্চ) সকাল ১০টায় দূতাবাস প্রাঙ্গণে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করেন।
এরপর, তিনি হাই কমিশনের কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।এরপর পবিত্র কোরআন তেলোয়াত ও দোয়া পাঠের মাধ্যমে শুরু হয় আলোচনা সভা।
সভায় বাংলাদেশ থেকে প্রেরিত দিবসটির ওপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাঠানো বাণীসমূহ পাঠ করা হয়। অনুষ্ঠানে জাতির পিতার শৈশব, তার সংগ্রামমুখর জীবন, কর্ম, আদর্শ এবং একটি স্বাধীন দেশ গঠনে তার ভূমিকার ওপর আলোচনা ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নির্মিত তথ্যচিত্র উপস্থাপন করা হয়।
আরও পড়ুন: মালয়েশিয়ায় নতুন কর্মী নেয়ার প্রক্রিয়া স্থগিত
এছাড়াও জাতির পিতা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে জাতির পিতার স্মরণে লেখা কালজয়ী দেশাত্ববোধক গান ‘শোনো একটি মুজিবরের থেকে’ এর মিউজিক ভিডিও প্রদর্শিত করা হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে শিশু-কিশোরদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।
বঙ্গবন্ধুর কিশোর জীবনের মানবিক গুণাবলি ও শিশুদের প্রতি গভীর মমত্ববোধের কথা তুলে ধরে অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে, হাইকমিশনার গোলাম সারোয়ার বলেন, জাতির পিতা মনে প্রাণে বিশ্বাস করতেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে।
‘শিশুরা যেন উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সে লক্ষ্যে তিনি সকল চেষ্টা করে গেছেন। জাতির পিতার অনুকরণীয় আদর্শ বাঙালিদের নিরন্তর অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। শৈশব থেকেই শিশুদের প্রতি বঙ্গবন্ধুর দৃশ্যমান অকৃত্রিম ভালোবাসা পরিণত বয়সে তা মহান নেতার রাজনৈতিক দর্শন।’
আরও পড়ুন: বঙ্গবন্ধুর জন্মদিনে আগরতলা দূতালয়ে অন্যরকম আয়োজন
এছাড়া মালয়েশিয়ায় বসবাসরত অনিয়মিত প্রবাসিরা যাতে সবাই চলমান বৈধকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারে সেই লক্ষে দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং গত এক বছরে ৩ লক্ষাধিক পাসপোর্ট এসব প্রবাসিদের হাতে পৌছে দিতে সক্ষম হয়েছে যা বাংলাদেশের সকল দূতাবাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যা বলেও তিনি উল্লেখ করেন।সবশেষে অতিথিদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।