মিরপুরে মিঠুনের সেঞ্চুরি মিস, বিকেএসপিতে মাশরাফীদের জয়

March 22, 2023 at 06:09AM
from somoynews.tv | RSS Feed
জমে উঠেছে ঢাকা প্রিমিয়ার লিগ। মঙ্গলবারের (২১ মার্চ) তিন ম্যাচেই ভালো রানের দেখা পেয়েছেন ক্রিকেটাররা। তবে মাত্র সাত রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন প্রাইম ব্যাংক অধিনায়ক মোহাম্মদ মিঠুন। সেঞ্চুরি মিস করলেও শাইনপুকুরের বিপক্ষে তাদের জয় ৭৮ রানে। ফতুল্লায় ঢাকা সিটি ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৩ উইকেটে জয় পেয়েছে লিজেন্ডস অব রুপগঞ্জ।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে টসে জিতে প্রথম ব্যাট করতে নামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এ ম্যাচে দলীয় ২ রানের মাথায়ই হাসানউজ্জামানের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে প্রাইম ব্যাংক। দ্বিতীয় উইকেটে নেমে দলের হাল ধরেন অধিনায়ক মিঠুন। নাবিলকে সঙ্গে নিয়ে দারুণ জুটি গড়েন তিনি।
আরও পড়ুন: সাকিবের ঘটনাবহুল আট দিন
ব্যক্তিগত ৪৩ রানে বিপ্লবের বলে নাবিল আউট হলে নাসির নেমেও মিঠুনকে সঙ্গ দিতে পারেননি। এরপর আদিল আমিনকে নিয়ে দলকে টেনে নিয়ে যান মিঠুন। দলীয় ১৬৬ রানের মাথায় ব্যক্তিগত ৯৩ রানে আউট হন তিনি। এরপর একাই লড়ে যান আদিল। পরের ব্যাটাদের সঙ্গে ছোট ছোট জুটি করে অপরাজিত থেকে দলকে ৮ উইকেটে ২৯৫ রানে বড় সংগ্রহ এনে দেন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১০০ রানের মাথায়ই তিন উইকেট হারিয়ে ছন্দহীন হয়ে পড়ে শাইনপুকুর। সেখান থেকে সাঙ্গিত কোরি ও বিপ্লবের দ্বায়িত্বশীল ব্যাটিংয়ে কিছুটা চাপ সামাল দেয় তারা। ব্যাক্তিগত ৪৯ এই দুই ব্যাটার আউট হলে তাদের দল হার এড়াতে পারেনি। ২১৭ রানেই অল আউট হয়ে যায় শাইনপুকুর।
ফতুল্লাহ স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামালের মুখোমুখি হয় সিটি ক্লাব। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং দুই ব্যাটার সাইফ ও সৈকত আলির ১০০ রানের জুটিতে দারুণ শুরু করে শেখ জামাল। পরে এই দুই ব্যাটার আউট হলে ছন্দহীন হয়ে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। ফজলে মাহমুদ ও তাইবুর রহমান কিছুটা চাপ সামাল দেন। আর কেউই তেমন একটা রান করতে পারেনি। ২২৮ রানেই অল আউট হয়ে যায় তারা। এরপর বৃষ্টি শুরু হলে বৃষ্টি আইনে নতুন টার্গেট দাঁড়ায় ১৬৮ রান। ৩২ ওভারে ১৬৮ রানের লক্ষে ব্যাট করতে নামে সিটি ক্লাব। ৮ উইকেটে ১৬২ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।
আরও পড়ুন: বন্ধু তামিমের জন্মদিনে মুশফিকের আবেগী বার্তা
বিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে নামে মাশরাফির লিজেন্ডস অব রুপগঞ্জ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে তামজিদ হাসানের ১৪২ বলে ১৪২ রানের বিধ্বংসী ব্যাটিংয়ে ২৯৯ রানের বড় সংগ্রহ পায় ব্রাদার্স। জবাবে ব্যাট করতে নেমে চিরাগ জানির ৯৪ ও পারভেজ হোসেন ইমনের ৬৬ রানের উপর ভর করে ৩ উইকেটের জয় পায় রুপগঞ্জ।