নিতাইগঞ্জে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি অপসারণ

March 23, 2023 at 07:39AM
from somoynews.tv | RSS Feed
নারায়ণগঞ্জের পাইকারি ব্যবসার প্রাণকেন্দ্র নিতাইগঞ্জে খাদ্য গুদামে বিস্ফোরণে হতাহতের ঘটনায় ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে ফেলেছ সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
বুধবার (২২ মার্চ) সকাল থেকে ভেকু দিয়ে ভবনটি ভাঙার কাজ শুরু করা হয়। বিকেলে পুরো ভবনটি ভেঙে ফেলার পর সেখান থেকে অপসারণের কাজ শুরু হয়।
এর আগে জেলা প্রশাসন, সিটি করপোরেশন, গণপূর্ত বিভাগ, ডিপিডিসি ও তিতাস কর্তৃপক্ষসহ সাতটি সংস্থার কর্মকর্তারা মঙ্গলবার (২১ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন করে চব্বিশ ঘণ্টার মধ্যে ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দিলেও মালিকপক্ষ সে আদেশ না মানায় বুধবার (২২ মার্চ) সকাল থেকে ভাঙার উদ্যোগ নেয় সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মঈনুল হোসেন জানান, ভবনটি চব্বিশ ঘণ্টার মধ্যে নিজ থেকে ভেঙে ফেলতে মালিক ইলিয়াছ দেওয়ানকে নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু তিনি আদেশ না মানায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সকাল থেকে ভাঙা শুরু করে। ভবনটির কম ঝুঁকিপূর্ণ স্থানের দোকানগুলোর খাদ্য গুদামের পণ্যসামগ্রী মালিকদের বুঝিয়ে দেয়া হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ভেঙে ফেলার নির্দেশ
তবে সব দোকানের মালিকদের পণ্যসামগ্রী সরিয়ে নেয়ার সুযোগ দেয়ার কথা থাকলেও এর আগেই ভবনটি ভেঙে ফেলায় ক্ষোভ প্রকাশ করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ভবনটির ভেতরে এখনও কয়েক কোটি টাকার খাদ্যসামগ্রী আটকা পড়ে আছে বলে দাবি ব্যবসায়ীদের। পাশাপাশি নিহত ও আহতদের পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তাও চেয়েছেন শ্রমিকরা।
গত ১৮ মার্চ সকাল ৯টায় শহরের নিতাইগঞ্জে দুই তলা ভবনটির নীচতলায় খাদ্য গুদামে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। আহত আরও সাতজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। বিস্ফোরণে ভবনের দুই তলার বারান্দার রেলিংসহ আংশিক ভেঙে নিচে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। এছাড়া আগুনে চাল, ডাল, তেল, লবণ, চিনিসহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রীর আটটি দোকান ও গুদামের মালামাল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
]]>