সেরা চলচ্চিত্র সংসদ সম্মাননা পেল চিলড্রেন’স ফিল্ম সোসাইটি


March 20, 2023 at 05:57AM
from somoynews.tv | RSS Feed

দেশের চলচ্চিত্র সংস্কৃতির উৎকর্ষ অর্জনে বিশেষ অবদানের জন্য ‘ছয় দশকের সেরা চলচ্চিত্র সংসদ সম্মাননা’ পেয়েছে চিলড্রেন’স ফিল্ম সোসাইটি, বাংলাদেশ।

রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শতাধিক চলচ্চিত্র সংসদের মধ্য থেকে ‘চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ'-কে এ সম্মাননা প্রদান করা হয়। এ সংগঠনটি ছাড়াও নির্বাচিত আরও ১৪টি চলচ্চিত্র সংসদকে এ সম্মাননা দেয়া হয়।


এর মধ্যে কেবল ‘বাংলাদেশ চলচ্চিত্র সংসদ’কে হীরক সম্মাননা এবং অন্য ১৪টি চলচ্চিত্র সংসদকে সুবর্ণ সম্মাননা প্রদান করা হয়েছে।
 

চিলড্রেন'স ফিল্ম সোসাইটি বাংলাদেশের সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুন্নী বলেন, দেশের শিশু-কিশোরদের একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি সংস্কৃতি ও চলচ্চিত্র অঙ্গনে তাদের যথাযথ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের যে আন্দোলন তা এ সম্মাননার মাধ্যমে পূর্ণতা পেল। চিলড্রেন'স ফিল্ম সোসাইটির এ সম্মাননা আমাদের দায়িত্বকে আরও বাড়িয়ে দিল।


আরও পড়ুন : দেশে চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার আহ্বান পরিচালক মোরশেদুল ইসলামের


তিনি বলেন, সংস্কৃতির বিকাশ না হলে মানুষের প্রতি, পশু-পাখির প্রতি মানবিকতা তৈরি হয় না৷ অন্য ধর্মের প্রতি, সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হয় না। কেবল সংস্কৃতির সঙ্গে মানুষের সম্মেলন ঘটলেই মানুষের মধ্যে এসব মূল্যবোধ তৈরি হয়। তাই বিচারকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তারা এসব চলচ্চিত্র সংসদকে মূল্যায়ন করেছেন।

 

চিলড্রেন'স ফিল্ম সোসাইটির পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন বর্তমান উৎসব পরিচালক শাহরিয়ার আল মামুন। সম্মাননা পাওয়ার অনুভূতি জানতে চাইলে সময় সংবাদকে তিনি বলেন, এ সম্মাননা আমার জন্য অনেক গর্বের। চলচ্চিত্রের যে আন্দোলনে আমরা শামিল হয়েছিলাম এ সম্মাননার মাধ্যমে সেটা একটা পূর্ণতা পেল। আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই।


তিনি বলেন, আমরা তরুণদের নিয়ে, দেশের চলচ্চিত্র নিয়ে আরও বেশি বেশি কাজ করতে চাই। দেশের চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে তুলে ধরতে চাই।


সম্মাননা আমাদের চলার পথে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে মন্তব্য করে মামুন বলেন, যারা চলচ্চিত্রের উন্নয়ন ও চলচ্চিত্র উৎসব নিয়ে কাজ করে তারা এই প্রথম কোনো সম্মাননা পেল। এটা খুবই আনন্দের বিষয়। এতে চলচ্চিত্র সংসদগুলো দেশের চলচ্চিত্র শিল্প নিয়ে আরও বেশি কাজ করতে অনুপ্রাণিত হবে।


আরও পড়ুন: চলচ্চিত্র সংসদ আন্দোলনের ‘হীরক’ ও ফেডারেশনের ‘সুবর্ণজয়ন্তী’ উদ্‌যাপন


বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৬০ বছর ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ প্রতিষ্ঠার ৫০ বছরপূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

 

সম্মাননা পেয়েছে আরও ১৪ চলচ্চিত্র সংসদ


চিলড্রেন'স ফিল্ম সোসাইটি ছাড়াও আরও যে ১৪টি চলচ্চিত্র সংসদ সেগুলো হলো- বাংলাদেশ চলচ্চিত্র সংসদ, সিনে আর্ট সার্কেল, অনুস্টপ ফিল্ম সোসাইটি, সিনেপল ফিল্ম সোসাইটি, রেইনবো ফিল্ম সোসাইটি, চিত্রালী পাঠক-পাঠিকা চলচ্চিত্র সংসদ (চিপাচস), সায়েন্স সিনে ক্লাব, চলচ্চিত্রম চলচ্চিত্র সংসদ, ঋত্বিক চলচ্চিত্র সংসদ, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র, জহির রায়হান চলচ্চিত্র সংসদ (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) , ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, চোখ ফিল্ম সোসাইটি (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ) এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ও জাতীয় উদযাপন পরিষদের সদস্য সচিব বেলায়াত হোসেন মামুন এবং শুভেচ্ছা বক্তব্য দেন বরেণ্য চলচ্চিত্রকার ও জাতীয় উদযাপন পরিষদের আহ্বায়ক মোরশেদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url