চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ জ্যোতিকা জ্যোতির!

March 11, 2023 at 07:20AM
from somoynews.tv | RSS Feed
জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। অনুষ্ঠানে পানি এবং খাবারের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে শুক্রবার (১০ মার্চ) রাত সোয়া ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন তিনি।
ফেসবুক পোস্টে জ্যোতিকা জ্যোতি লিখেন, ‘প্রধানমন্ত্রী উপস্থিত থাকেন, সঙ্গে পানি বা খাবার নেয়ার অনুমতি থাকে না। ২টা থেকে ৮টা, প্রায় ছয়/সাত ঘণ্টার প্রোগ্রামে পানি না খেয়ে থাকাটা খুব কষ্টকর। আর ক্ষুধার কথা নাই বললাম। তার মধ্যে শিশু ও বৃদ্ধরাও থাকেন। কারও কারও নানান অসুখও থাকে যারা এতক্ষণ কিছু মুখে না দিয়ে থাকতে পারেন না।’
জ্যোতিকা জ্যোতি আরও লিখেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পানি ও হালকা স্ন্যাকস রাখা উচিত। এতবড় একটা আসরে এটুকু বাজেট রাখাই যায়। আমার সঙ্গে অনেকেই একমত হবেন নিশ্চয়ই। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’
আরও পড়ুন: চলচ্চিত্র পুরস্কার আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে
জ্যোতিকা জ্যোতির পোস্টের বিষয়বস্তুর সঙ্গে একমত পোষণ করেছেন অনেকে। অভিনেত্রী ভাবনাও একমত পোষণ করেন।
বৃহস্পতিবার (৯ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’-এর আসর। চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।