রাশফোর্ড-গারনাচোর গোলে শেষ মুহূর্তে জয় পেল ম্যানইউ

February 13, 2023 at 05:42AM
from somoynews.tv | RSS Feed
টেবিলের ১৭তম স্থানে লিডস ইউনাইটেড। অথচ সেরা তিনে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড যেন নিজেদের শক্তির কোনো প্রমাণই দিতে পারছিল না। অবশ্য শেষদিকে মান রেখেছে মার্কাস রাশফোর্ড ও আলেহান্দ্রো গারনাচো।
রোববার (১২ ফেব্রুয়ারি) ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লিডসকে ২-০ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট তুলে নিয়েছে ম্যানইউ। ৮০ মিনিটে রাশফোর্ড দলকে লিড এনে দিলে, তার চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন গারনাচো।
ওল্ড ট্রাফোর্ডে গত ৯ ফেব্রুয়ারি লিডসের বিপক্ষে হারতে হারতেও ড্র নিয়ে মাঠ ছেড়েছিল ম্যানইউ। অপেক্ষাকৃত দুর্বল দলটি নিজেদের ঘরের মাঠে ছিল আরও শক্তিশালী। বল দখলে পিছিয়ে থাকলেও, অফ টার্গেট এবং অন টার্গেট শট নেয়ার ক্ষেত্রে তারা পেছনে ফেলেছে ম্যানইউকে। তাদের নেয়া ১৬ শটের বিপরীতে রাশফোর্ডরা নিয়েছে ১১ শট। আর গোলমুখে ৬ শটের বিপরীতে ৫ শট।
আরও পড়ুন: ভালভার্দে ১০ গোল করায় বেঁচে গেল আলচেলত্তির কোচিং ক্যারিয়ার!
ম্যাচ শুরুর চতুর্থ মিনিটেই ইউনাইটেডের জালে হানা দিয়েছিল লিডস। তবে গোলরক্ষক দাভিদ দে হেয়ার প্রচেষ্টায় এ যাত্রায় রক্ষা পায় সফরকারীরা। ম্যাচের ২০ মিনিটে প্রথম সুযোগ আসে গারনাচো সামনে। কিন্তু ব্রুনো ফের্নান্দেস হাসি ফোঁটাতে পারেননি রেড ডেভিলদের মুখে। যোগ করা সময়ে আরও একবার ওয়ান-অন-ওয়ান পজিশনে ফের্নান্দেসের শট ফিরিয়ে দেন লিডসের গোলরক্ষক।
বিরতির পর লিড পেতে পারতো স্বাগতিকরা। কিন্তু দে হেয়া এবারও ম্যানইউর জাল অক্ষত রাখেন। ৬৪ মিনিটে ভাগ্য সহায় না হওয়ায় গোল বঞ্চিত হয় রেড ডেভিলরা। ডি-বক্সের বাইরে থেকে দিয়োগো দালোত নেয়া দুর্দান্ত শট বারে লেগে ফিরে আসে।
আরও পড়ুন: ফের পয়েন্ট হারিয়ে লিগ জমিয়ে তুলল আর্সেনাল
একের পর এক হতাশা চাপিয়ে অবশেষে ৮০ মিনিটে কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পায় ম্যানইউ। লুক শর ক্রসে ছয় গজ বক্সের মুখে হেডে গোল করে দলকে লিড এনে দেন রাশফোর্ড। চলতি লিগে ২৩ ম্যাচে এটি তার ১২তম গোল। এর চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে দলের জয় প্রায় নিশ্চিত করে নেন গারনাচো। ভাউট বেহর্স্টের পাস ধরে বাম দিক দিয়ে বক্সে ঢুকে গোলটি করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা ১৮ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড। তাতে ২-০ গোলের জয় নিয়ে মাঠে ছাড়ে ইউনাইটেড।
২৩ ম্যাচে ১৪ জয় ও ৪ ড্রয়ে তাদের পয়েন্ট ৪৬। ম্যানচেস্টার সিটি তাদের ২২তম ম্যাচে মাঠে নামার আগে দুইয়েই ছিল রাশফোর্ড। ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। ২২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে লিডস ইউনাইটেড।