আরও বাড়ছে স্টলটেনবার্গের মেয়াদ: প্রতিবেদন

February 14, 2023 at 06:38AM
from somoynews.tv | RSS Feed
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব হিসেবে জেন্স স্টলটেনবার্গের মেয়াদ আরও কয়েক মাস বাড়ছে। চলতি বছরের সেপ্টেম্বরে দায়িত্ব ছাড়ার কথা থাকলেও তার মেয়াদ আরও কিছুদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জোট। আগামী ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্বে থাকবেন স্টলটেনবার্গ। জার্মান সংবাদমাধ্যম ভেল্ট আম জনটাগের বরাত দিয়ে এ খবর জানিয়েছে নিক্কেই এশিয়া।
স্টলেনবার্গ তিন মেয়াদে প্রায় ৯ বছর ধরে দায়িত্ব পালন করছেন। চলতি বছরের শেষ নাগাদ তার মেয়াদ শেষ হওয়ার কথা। রোববার (১২ ফেব্রুয়ারি) ন্যাটোর মুখপাত্র ওয়ানা লুঙ্গেসকুর বরাত দিয়ে রয়টার্স জানায়, চলতি বছরের সেপ্টেম্বরে ন্যাটোর দায়িত্ব ছাড়ছেন স্টলেনবার্গ।
ওয়ানা লুঙ্গেসকু এক বিবৃতিতে বলেন, আগামী অক্টোবরে ন্যাটো মহাসচিবের চলতি দায়িত্বের মেয়াদ শেষ হবে। তিনি নতুন করে আর দায়িত্ব নিতে আগ্রহী নন। তবে এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ভেল্ট আম জনটাগ জানায়, স্টলটেনবার্গের মেয়াদ আরও বাড়াবে ন্যাটো।
প্রতিবেদন মতে, স্টলটেনবার্গের ‘অসামান্য অর্জন’ ও ইউক্রেনে চলমান যুদ্ধে জোটের `স্থিতিশীলতা' নিশ্চিত করার কারণে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত তার মেয়াদ বৃদ্ধি করবে সদস্য দেশগুলো।
আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিজয় দেখছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট
সংবাদমাধ্যমটি বলেছে, সদস্য দেশগুলোর মধ্যে একটি অনানুষ্ঠানিক চুক্তি হয়েছে যে স্টলটেনবার্গকে ৩০ সেপ্টেম্বর তার মেয়াদ শেষ হওয়ার পরও পদে রাখা হবে। আগামী সপ্তাহেই এ বিষয়ে একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হবে।
৬৩ বছর বয়সী নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী স্টলেনবার্গ ২০১৪ সালে ১ অক্টোবর ব্রাসেলসে ন্যাটোর সদর দফতরে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে বৈশ্বিক বিভিন্ন সংকটের মধ্যদিয়ে জোট পরিচালনা করে আসছেন তিনি। গত বছরই তার মেয়াদ আরও একবার বাড়ানো হয়।
বিশেষ করে তার সময়কালে ২০২১ সালের আগস্টে তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর ন্যাটো ও মার্কিন সেনারা দেশটি ত্যাগ করে। এ ছাড়া গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হয়, যা এখন পর্যন্ত চলছে।
রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের নেপথ্যের অন্যতম কারণ ন্যাটো। সামরিক জোটটির সদস্য হওয়ার চেষ্টায় রয়েছে ইউক্রেন। এ বিষয়টি নিয়েই মূলত দেশ দুটির মধ্যে টানাপোড়েন শুরু হয়।
আরও পড়ুন: ১৭৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ৭০ বছরের বৃদ্ধা উদ্ধার
ন্যাটোর কট্টর সমালোচক সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ইউরোপীয় মিত্র ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক উন্নয়নে কাজ করেছেন স্টলেনবার্গ। ন্যাটোর বর্তমান সদস্য দেশের সংখ্যা ৩০। উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা এবং ইউরোপের অধিকাংশ দেশ এই জোটের সদস্য। এ ছাড়া তুরস্কও এই জোটের সদস্য।