বিএনপির নির্বাচনে আসা উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

February 03, 2023 at 04:54AM
from somoynews.tv | RSS Feed
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির নির্বাচনে আশা উচিত। যদি তারা নির্বাচন বর্জন করে সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার। একজন রাজনীতির মানুষ হিসেবে তিনি মনে করেন, বিএনপি অবশ্যই নির্বাচনে আসবে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে ’হ্যালো পুলিশ’ মানিকগঞ্জের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: সাহস থাকলে দেশে আসেন: তারেক রহমানকে স্বরাষ্ট্রমন্ত্রী
এসময় মন্ত্রী বলেন, ‘নির্বাচন ছাড়া এ দেশে কোনোদিন ক্ষমতার পরিবর্তন হবে না। যারা ষড়যন্ত্র বা অন্য কোনো উপায়ে ক্ষমতায় আসতে চান, এ বাংলাদেশে তা অসম্ভব। এ বিষয়টি দেশের জনগণ জানে এবং বুঝতে পারছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ’কোভিড, জঙ্গি দমন, অগ্নিসন্ত্রাস দমনে অনেক পুলিশ সদস্য শাহাদত বরণ করেছেন। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুলিশকে মুক্তিযুদ্ধে আহ্বান করেছিলেন। সেই পুলিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের বন্ধুতে পরিণত হয়েছে।’
আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার বিষয়ে ডিসিদের সঙ্গে কথা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মানিকগঞ্জ পুলিশ সুপার গোলাম আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।