দাওয়াতের কার্ড ইংরেজিতে, মুক্তিযুদ্ধমন্ত্রীর উদ্বেগ

February 07, 2023 at 05:57AM
from somoynews.tv | RSS Feed
দাওয়াতের কার্ড ইংরেজিতে ছাপানোতে উদ্বেগ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।
সোমবার (৬ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলায় 'জীবনদোলা' নামক এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
আ. ক. ম. মোজাম্মেল হক বলেন, আমাদের দাওয়াত করতে যেসব কার্ড দেয়া হয় তাতে সব ইংরেজিতে লেখা। এমন লেখা দেখে অনেক সময় জিজ্ঞেস করি এখানে কি লিখা! আমরা আমাদের নিজের ভাষার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে পারি না।
আদালতের রায় বাংলাতে লেখার প্রচলন কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, বাংলায় নাকি রায় প্রকাশ করা যায় না! আমাদের হাইকোর্ট এতদিন পর বাংলায় রায় লিখা শুরু করেছে, এজন্য অভিনন্দন জানাই। এ বছরের পহেলা ফেব্রুয়ারি থেকে বাংলায় রায় লিখা শুরু করেছে।
আরও পড়ুন: লেখক-পাঠকদের উৎসব বইমেলায়
তিনি বলেন, বিদেশে যখন আমরা যাই, তখন দেখি তারা ভুলেও নিজের মাতৃভাষা ছাড়া অন্য কোনও ভাষায় কথা বলে না। শুধুমাত্র খাবার টেবিলে ইংরেজি বলে বা অন্য সময়ে ইংরেজি বললেও বক্তব্য দেয়ার সময় কখনো ইংরেজি ব্যবহার করে না। যার যার মাতৃভাষার প্রতি তাদের এ সম্মানবোধ রয়েছে।
মোড়ক উন্মোচন শেষে সময় সংবাদকে দেয়া এক সাক্ষাতকারে মন্ত্রী বলেন, এ বছর বইমেলায় প্রথমবার এসেছি। আশা করি প্রতি বছরের মত এবারোও মেলা জমে উঠবে। আমাদের যে বই পড়ার সংস্কৃতি রয়েছে, তা আরও বেশি করে গড়ে উঠবে।
প্রতিবছরই বই মেলায় আসি এবং বই কিনি। আমার পরিবারের সবাইকে বই কিনতে ও পড়তে উৎসাহিত করি বলে জানান মুক্তিযুদ্ধমন্ত্রী।