স্ক্যালোনির বাধা আনচেলত্তি ও গার্দিওলা

February 28, 2023 at 07:00AM
from somoynews.tv | RSS Feed
কে হতে চলেছেন বিশ্বসেরা কোচ? কার্লো আনচেলত্তি নাকি পেপ গার্দিওলা। নাকি এই দুই গ্রেটকে টেক্কা দিয়ে প্রথম বারের মত ফিফা দ্যা বেস্ট পুরস্কার জয় লাভ করবেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দেয়া লিওনেল স্ক্যালোনি?
সব প্রশ্নের জবাব মিলবে সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্যারিসে দ্য বেস্টের জমকালো আয়োজনে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
একেবারেই সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠা লিওনেল স্ক্যালোনির। চার বছর আগে তার হাতে আর্জেন্টিনার দায়িত্ব দেয়া নিয়েও কত আলোচনা, কত সমালোচনা! অথচ এই মানুষটাই এখন বিশ্বের শতকোটি আলবিসেলেস্তে ভক্তের প্রিয় ব্যক্তিত্ব।
বিশ্বকাপ জয়ের আগ পর্যন্ত স্ক্যালোনির তারকা খ্যাতি ছিল না বললেই চলে। প্রয়াত ম্যারাডোনা তো বলেই বসেছিলেন, স্ক্যালোনির তো আর্জেন্টিনার কোচ হওয়ার যোগ্যতাই নেই। সেই স্ক্যালোনিই দেশকে ২৮ বছর পর কোপা আমেরিকা জিতিয়ে হয়ে উঠেছিলেন আকাশী নীলদের স্বপ্ন সারথী। আর বিশ্বকাপের বছর জিতিয়েছেন ফিনালিসিমা। তার অধীনেই শেষ ৪৩ ম্যাচে মাত্র একটা হার লিও মেসিদের!
আরও পড়ুন:'দ্য বেস্ট' এর মঞ্চে নিজেকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় মেসি
ফিফা দ্যা বেস্ট জেতার জন্য বিশ্বকাপ যদি হয় সবচেয়ে বড় মানদণ্ড তবে অবশ্যই প্যারিসের রাত বর্ণিল হবে লিওনেল স্ক্যালোনির বিজয়গাঁথায়। দিদিয়ের দেশাম, লুই ভ্যান গালের মত তারকা কোচদের টেক্কা দিয়েছেন তিনি। তারপরও অনিশ্চয়তার অঙ্কে তাকে থাকতেই হচ্ছে। সেটা কেবল ফিফা নিয়মের জন্য।
স্ক্যালোনির বিশ্বসেরা হওয়ার রাতে সবচেয়ে বড় প্রতিপক্ষের নাম কার্লো আনচেলত্তি। গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ আর লা লিগা জিতিয়েছেন তিনি। বিশ্বের সপ্তম ফুটবলার হিসেবে কোচ ও ফুটবলার হিসেবে জিতেছেন ইউসিএল ট্রফি। কোচ হিসেবে তার চেয়ে বেশি কেউই জিততে পারেনি এই ট্রফিটি।
আধুনিক ফুটবলে সেরা কোচদের অন্যতম পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটিকে পাঁচ মৌসুমে চারটি লিগ টাইটেল উপহার দেয়া এই মাস্টার মাইন্ড আছেন ফিফা দ্যা বেস্ট হওয়ার দৌড়ে। গেলো ১৩ মৌসুমে বার্সেলোনা, বায়ার্ন এবং ম্যান সিটির হয়ে ৩২টি শিরোপা জয়ের অনন্য কীর্তি আছে তার।