মাদারীপুরের হত্যা মামলার দুই আসামি সিলেটে গ্রেফতার

March 01, 2023 at 06:40AM
from somoynews.tv | RSS Feed
মাদারীপুরে চা দোকানী আউয়াল মাতুব্বরকে (৫৪) কুপিয়ে হত্যা মামলায় আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দুজন হলেন আলমগীর হাওলাদার ও দেলোয়ার মাতুব্বর। এ নিয়ে এই মামলায় মোট সাতজন আসামিকে গ্রেফতার করা হলো।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিলেটের সুরমা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: মাদারীপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহম্মেদ সময় সংবাদকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
গ্রেফতার আলমগীর হাওলাদার (৪৫) মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জের হাফেজ হাওলাদারের ছেলে ও দেলোয়ার মাতুব্বর (২৮) সদরের কালিকাপুরের আয়নাল মাতুব্বরের ছেলে। গ্রেফতার আলমগীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩০টি ও দেলোয়ারের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।
ওসি সালাউদ্দিন আহম্মেদ জানান, ৪ ফেব্রুয়ারি সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের আনন্দ বাজার এলাকা থেকে পাঁচখোলা এলাকার আউয়াল মাতুব্বরকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। নির্জন স্থানে নিয়ে আউয়ালকে কুপিয়ে আহত করে মৃত সাহেব আলী মাতুব্বরের দুইছেলে নান্নু ও চুন্নু মাতুব্বরসহ বেশ কয়েকজন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে নেয়া হলে পরের দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান আউয়াল।
এই ঘটনায় নিহতের ছেলে জুয়েল মাতুব্বর বাদী হয়ে ৬ ফেব্রুয়ারি ৫১ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। বিভিন্ন সময় অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়। বাকিদের ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি সালাউদ্দিন।
আরও পড়ুন: মাদারীপুরে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৮
উল্লেখ্য, নিহত আউয়াল মাতুব্বর ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি ওই এলাকার আওয়ামী লীগ নেতা সাহেব আলী মাতুব্বর হত্যাসহ অন্তত এক ডজন মামলার আসামি ছিলেন।