‘গেমিং ইন্ডাস্ট্রিতে আগ্রহ বাড়াতে রোল মডেল তৈরি করতে হবে’

February 26, 2023 at 05:54AM
from somoynews.tv | RSS Feed
গেমিং ইন্ডাস্ট্রিতে তরুণদের আগ্রহ বাড়াতে রোল মডেল তৈরি করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) পরিচালক তানভির হোসাইন খান।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর পূর্বাচলে অনুষ্ঠিত ‘বেসিস সফটএক্সপো ২০২৩’ এর তৃতীয় দিনে আয়োজিত ‘ক্যান বাংলাদেশ দ্য নেক্সট গেম অ্যাসেট ক্রিয়েশন হাব’ সেমিনারে এ কথা বলেন তিনি।
বেসিস পরিচালক তানভির হোসাইন খান একইসঙ্গে ড্রিমারস ল্যাব লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।
‘গেমিং খাতে তরুণ প্রজন্মকে আগ্রহী করতে এ খাতের সফলতার গল্প শেয়ার করতে হবে। রোল মডেল তৈরি করতে হবে। পাশাপাশি গেমের কোয়ালিটির ওপর বিশেষ নজর দিতে হবে।’
গেমিং ইন্ডাস্ট্রির গ্লোবাল মার্কেট ২৫০ বিলিয়ন ইউএস ডলার উল্লেখ করে বেসিস পরিচালক বলেন, সনি, মাইক্রোসফট, ইউনিটি, টেনসেন্ট, ইলেক্ট্রনিক আর্টসের (ইএ) মত বড় বড় প্রতিষ্ঠান গেমিং ইন্ডাস্ট্রিতে যুক্ত রয়েছে। তাই এ খাতে প্রতিযোগিতা অনেক বেশি।
আরও পড়ুন: আইটিখাতে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বাংলাদেশ
‘এ ছাড়া প্রতি বছর বিশ্বব্যাপী ১ লাখের বেশি গেম রিলিজ হয়। এর মধ্যে পিসি গেম রিলিজ হয় ১০ হাজারেরও কিছু বেশি। আর মোবাইল গেম রিলিজ হয় ৯০ হাজারেরও বেশি।’
বিশ্বব্যাপী গেমের এই বিশাল বাজারে বাংলাদেশের তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তানভির হোসাইন খান বলেন, প্রতি বছর বাংলাদেশ থেকে অন্তত ১০০টি গেম রিলিজ হওয়া জরুরি। এ ছাড়া ধীরে ধীরে এর পরিধি আরও বাড়াতে হবে।
গেমিং খাতে প্রচুর আউটসোর্সিং হয় উল্লেখ করে তিনি আরও বলেন, করোনার সময়ে রিমোটলি হিট মেকার প্লাটফর্মে ৩০ শতাংশ হায়ার করা হয়েছে। বাংলাদেশের তরুণদের এসব আউটসোর্সিং কাজ করার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে হার্ড-সারফেস আর্টিস্ট শিহাব উদ্দিন আলভী গেম তৈরির বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ সম্পর্কে ধারণা দেন। পাশাপাশি গেম তৈরির প্রক্রিয়াও তুলে ধরেন।
আরও পড়ুন: ভবিষ্যতে তথ্য উপাত্ত হবে টাকার চেয়েও দামি!
আর কনসাল্টেন্ট আইসিটি ডেভেলপার এস এম বনিন বলেন, এ খাতে অ্যাওয়ার্ড পাওয়া ভীষণ কাজে দেয়। এতে কাজের স্পৃহা বাড়ে। এ ছাড়া এ খাতে ক্যারিয়ার গড়তে চাইলে বিভিন্ন কমিউনিটিতে যুক্ত হওয়ার পাশাপাশি পোর্টফলিও তৈরি করার পরামর্শ দেন তিনি।
এ সময় সেমিনারে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সামসুল আরেফিন।
উল্লেখ্য, রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে চার দিনব্যাপী ‘বেসিস সফটএক্সপো ২০২৩’। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী। আগ্রহীরা বেসিস সফটএক্সপোর অফিশিয়াল ওয়েবসাইট থেকে বিনামূল্যে নিবন্ধন করে প্রদর্শনীতে অংশ নিতে পারবেন।