যশোর বোর্ডে পাসের হারে শীর্ষে খুলনা

February 09, 2023 at 05:45AM
from somoynews.tv | RSS Feed
এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হারে বিভাগের ১০ জেলায় শীর্ষে রয়েছে খুলনা। যশোর বোর্ডে এ বছর পাসের হার ৮৩ দশমিক ৯৩ শতাংশ। আর খুলনা জেলায় পাসের হার ৯০ দশমিক ৭৩ শতাংশ। জেলার ৪৪টি কেন্দ্রে ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০ হাজার ২৩৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৮ হাজার ৩৫৯ জন শিক্ষার্থী।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ফল ঘোষণাকালে এসব তথ্য জানান যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) সমীর কুমার কুণ্ড।
খুলনা জেলায় সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে সরকারি এম এম সিটি কলেজের পরীক্ষার্থীরা। এই কলেজের ১ হাজার ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ৩৭ জন এবং অকৃতকার্য হয়েছে ৬ জন। পাসের হার ৯৯ দশমিক ৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮১৫ জন। অনলাইনের মাধ্যমে এইচএসসি পরীক্ষায় ফলাফল জানতে পারায় কলেজে শিক্ষার্থীদের উপস্থিত কম। অনেকেই ফলাফল পেয়ে সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে দেখা করতে এসেছেন। ভালো ফল করতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
আরও পড়ুন: যেভাবে করবেন এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন
ঘোষিত ফলাফল অনুযায়ী, এবারের এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে পাশের হার ৮৩ দশমিক ৯৫ শতাংশ। যশোর শিক্ষাবোর্ডের অধীনে থাকা ১০ জেলার মধ্যে ৯০ দশমিক ৭৩ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষস্থানে রয়েছে খুলনা জেলা। আর দ্বিতীয় স্থানে থাকা ঝিনাইদহ জেলার পাসের হার ৮৪ দশমিক ৫৬ শতাংশ। ৮৪ দশমিক ২৪ শতাংশ পাসের হার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সাতক্ষীরা জেলার শিক্ষার্থীরা।
আরও পড়ুন: যশোর বোর্ডের পাসের হার ৮৩.৯৫ শতাংশ
এ ছাড়া নড়াইল জেলায় পাসের হার ৮৩ দশমিক ৩৫ শতাংশ, যশোর জেলার পাসের হার ৮৩ দশমিক ৩০ শতাংশ, কুষ্টিয়ায় পাসের হার ৮২ দশমিক ৩১ শতাংশ, চুয়াডাঙ্গায় ৭৯ দশমিক ৯৪ শতাংশ, মেহেরপুরে পাসের হার ৮৯ দশমিক ১৮ শতাংশ, মাগুরা জেলার পাসের হার ৭৭ দশমিক ৮৩ শতাংশ, বাগেরহাটের ৭৭ দশমিক ৬৫ শতাংশ।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) সমীর কুমার কুণ্ড বলেন, করোনা মহামারির পর এমন ফলাফলে আমরা সন্তুষ্ট। অভিভাবক ও শিক্ষার্থীরাও এ ফলাফলের খুশি। এ বছর বিভাগের ১০ জেলার মধ্যে ফলাফলের দিক দিয়ে শীর্ষে খুলনা জেলা। আর জিপিএ ৫ এর দিক থেকে সব বোর্ডের মধ্যে যশোর শিক্ষা বোর্ড দ্বিতীয় ও ফলাফলে চতুর্থ অবস্থানে রয়েছে। জিপিএ ৫ পেয়েছে ১৮ হাজার ৭০৩ জন শিক্ষার্থী।