ভোট শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই আসিফ নাটকের অবসান!

February 03, 2023 at 07:34AM
from somoynews.tv | RSS Feed
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করা আবু আসিফ আহমেদ ফিরে এসেছেন। ভোট শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তিনি বাড়ি ফেরেন।
আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু আসিফ আহমেদ গত ২৭ জানুয়ারি রাত থেকে নিখোঁজ ছিলেন। তার স্ত্রী বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করেন। বুধবার (১ ফেব্রুয়ারি) ভোটের দিনও আসিফের খোঁজ মেলেনি। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে তাকে খুঁজে পাওয়ার খবর আসে। পুলিশের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়।
আসিফের স্ত্রী মেহেরুন্নেছা মেহরীন সাংবাদিকদের বলেন, ‘যে পোশাকে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন সে পোশাকেই ফিরেছেন। ওনি বিমর্ষ অবস্থায় আছেন। গায়ে জ্বর আছে। বেলা ১১টার দিকে তিনি ঢাকার বাসায় আসেন বলে খবর পাই। বিকেল ৫টায় আশুগঞ্জের বাসায় আসেন। ওনার খবর পাওয়ার পরপরই আমি পুলিশকে জানিয়েছি।’
আরও পড়ুন: নিখোঁজ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফকে পাওয়া গেছে
মেহরীন বলেন, ‘ওনার সঙ্গে কথা বলে জানতে পেরেছি আতঙ্কে নিজেই সরে গিয়েছিলেন। ওনার সমর্থককে গ্রেফতার করার পরই বেশি আতঙ্ক দেখা দেয়। অন্যদের যেন সমস্যা না হয় সেই চিন্তা করেছেন তিনি। কারো বিরুদ্ধে আমাদের অভিযোগ নেই।’
আসিফের স্ত্রী বলেন, ‘ওনি এতটাই মানসিক চাপে ছিলেন যে যাওয়ার সময় মোবাইল ফোনটিও নিয়ে যাননি। সঙ্গে কোনো কাপড়-চোপড় ছিল না। এই সাতদিন তিনি কোথায় ছিলেন সেটি এখনো তার কাছ থেকে জানতে পারিনি। আপাতত তিনি বিশ্রামে আছেন। সুস্থ স্বাভাবিক হওয়ার পর সবার সাথে কথা বলবেন।’
তিনি আরও বলেন, ‘আসিফ নির্বাচন করতে পারলে তার জয় নিশ্চিত ছিল। যে কারণে নানাভাবে আতঙ্কে রাখা হয়েছে। আমি নিজেও আতঙ্কে ছিলাম। বাইরে থেকে আনা খাবারের প্যাকেটের সঙ্গে বিশেষ ডিভাইস পেয়েছি। বাড়ির সামনে পাগল বেশে বিশেষ লোকজন অবস্থান করছিল। আমার সঙ্গেও কেউ দেখা করতে পারছিলেন না।’
‘ওনি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ওনি এক হাত দিয়ে কিছু করলে অন্য হাত জানে না। ওনি উপজেলা চেয়ারম্যান ছিলেন। অনেক মানবিক কাজ করেছেন। ওনি ফিরে আসার খবরে এখনো মানুষ এসে বাসার সামনে ভিড় করছেন।' যোগ করেন আসিফের স্ত্রী।
আরও পড়ুন: স্বতন্ত্র প্রার্থী আসিফ নিখোঁজ নন, আত্মগোপনে: রিটানিং কর্মকর্তা
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ‘আসিফের স্ত্রী গত ৩১ জানুয়ারি তার নিখোঁজ সম্পর্কে আশুগঞ্জ থানায় একটি অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের তদন্ত করতে গেলে আবু আসিফের স্ত্রী মেহেরুন্নেচ্ছা মেহেরিন পুলিশকে জানায় আবু আসিফ রাজধানীর বসুন্ধরায় তার নিজ বাসায় অবস্থান করছেন।’
আসিফ এতদিন স্বেচ্ছায় অবস্থান করেছিলেন নাকি আত্মগোপনে ছিলেন এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, ‘তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব। এর পরই এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে।’