বগুড়ায় তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে ২ ভাইয়ের মৃত্যু

February 19, 2023 at 07:31AM
from somoynews.tv | RSS Feed
বগুড়ার ধুনটে যমুনা নদীর বাঁধে আশ্রিত বাড়িতে আগুনে পুড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভুতবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
সিয়াম হোসেন (৫) ও মোস্তাকিম আলী (৩) নামের দুই ভাই নিজেদের ঘরে তালাবদ্ধ অবস্থায় ঘুমিয়ে ছিল। তারা ভুতবাড়ি গ্রামের কাঠমিস্ত্রি লিটন মিয়ার ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিটন মিয়া জীবিকার সন্ধানে টাঙ্গাইলে ছিলেন। তার স্ত্রী গোলাপি খাতুন তিন ছেলেকে নিয়ে যমুনা নদীর বাঁধে অস্থায়ী ঘরে বসবাস করতেন। দুপুরে সিয়াম ও মোস্তাকিম ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় তাদের মা ঘরের বাইরে থেকে তালা দিয়ে যমুনা নদীর চরে ছাগল চরাতে যান। বিকেল ৫টার দিকে ঘরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই আগুন ছড়িয়ে পড়ে তাদের ২টি ঘর পুড়ে যায়। এ সময় তালবদ্ধ ঘরে ঘুমিয়ে থাকা সিয়াম ও মোস্তাকিমও আগুনে পুড়ে মারা যায়।
আরও পড়ুন: বসতঘরের আগুনে পুড়ে প্রাণ গেল ১০৫ বছরের বৃদ্ধার
ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল ইসলাম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই অগ্নিকাণ্ডে দুই শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অগ্নিকাণ্ডে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা আপন ভাই বলে জানা গেছে।