বুলগেরিয়ায় ট্রাক থেকে ১৮ শরণার্থীর মৃতদেহ উদ্ধার

February 18, 2023 at 07:19AM
from somoynews.tv | RSS Feed
বুলগেরিয়ায় রাজধানী সোফিয়ার কাছে একটি পরিত্যক্ত ট্রাক থেকে অন্তত ১৮ শরণার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, শুক্রবার(১৭ ফেব্রুয়ারি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে একটি কাঠ পরিবহন ট্রাকের গোপন বগিতে শরণার্থী ও অভিবাসীদের লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী আসান মেদঝিদিভ বলেছেন, পাঁচ শিশুসহ ৩৪ জনকে সোফিয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, তবে তারা স্থিতিশীল রয়েছেন।
মেদঝিদিভ সাংবাদিকদের জানিয়েছেন, তালাবদ্ধ ওই ট্রাকে অক্সিজেনের অভাব ছিল। শরণার্থীরা ঠাণ্ডায় হিমায়িত অবস্থায় ছিল। তারা বেশ কয়েক দিন ধরে খায়নি।
আরও পড়ুন: যুক্তরাজ্যে সহিংসতায় রূপ নিয়েছে শরণার্থীবিরোধী বিক্ষোভ
পুলিশ কাঠ বোঝাই ট্রাকের এক গোপন বগি থেকে শরণার্থীদের উদ্ধার করে। উদ্ধার হওয়া শরণার্থীরা কোন দেশের নাগরিক তা এখনও জানা সম্ভব হয়নি। ট্রাক চালককে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের জন্য মধ্যপ্রাচ্য এবং আফগানিস্তান থেকে আসা উদ্বাস্তু এবং অভিবাসীদের নিয়ে যাওয়ার একটি রুট হিসেবে বুলগেরিয়াকে ব্যবহার করা হয়।
অভিবাসীদের বেশিরভাগই ইইউর দরিদ্রতম রাষ্ট্র বুলগেরিয়ায় থাকতে চায় না। এজন্য তারা চোরাকারবারিদের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে পশ্চিম ইউরোপের ধনী দেশগুলোতে যাওয়ার চেষ্টা করে।
এর আগে ২০১৫ সালে অস্ট্রিয়ান মহাসড়কের পাশে মৃত অবস্থায় পাওয়া ৭১ জন অভিবাসীর মৃত্যুর অভিযোগে তিন বুলগেরিয়ান ট্রাক চালককে আটক করা হয়।
এছাড়া ২০১৯ সালের অক্টোবরে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার সময় ব্রিটিশ পুলিশ একটি ট্রাকে ৩৯ জনের মৃতদেহ খুঁজে পেয়েছিল। ট্রাকটি বুলগেরিয়া থেকে আয়ারল্যান্ড হয়ে যুক্তরাজ্যে প্রবেশ করে বলে ওই সময় জানিয়েছিল দেশটির পুলিশ।
]]>