দুই বছরেও চালু হয়নি শেরপুরের পৌর বাস টার্মিনাল!

February 27, 2023 at 05:00AM
from somoynews.tv | RSS Feed
আড়াই কোটি টাকা ব্যয়ে ভবনসহ আধুনিক অবকাঠামো নির্মাণ করা হলেও দুই বছরেও চালু হয়নি শেরপুর আন্তঃজেলা বাস টার্মিনাল। সড়কসহ যত্রতত্র গাড়ি পার্কিং করায় যানজটে চরম ভোগান্তিতে শহরবাসী। দ্রুত চালুর আশ্বাস পৌর মেয়রের।
সরেজমিন দেখা যায়, পুরোপুরি প্রস্তুত থাকার পরও চালু না হওয়ায় মুখ থুবড়ে পড়ে আছে শেরপুরের পৌর আন্তঃজেলা বাস টার্মিনাল।
২০০৯ সালে শহরের অষ্টমীতলায় তিন একর জমিতে আড়াই কোটি টাকা ব্যয়ে পৌর বাস টার্মিনালের অবকাঠামো নির্মাণকাজ শুরু হয়। কিন্তু মাঝখানে ১০ বছর বন্ধ থাকার পর ২০১৯ সালে আবারও শুরু হয় টার্মিনালের নির্মাণকাজ, যা শেষ হয় ২০২১ সালে। তবে দুই বছরেও দেখেনি আলোর মুখ। টার্মিনালটি চালু না হওয়ায় ব্যবহার করা হচ্ছে শহরের গৌরীপুর ও নবীনগরের পুরাতন বাসস্ট্যান্ড। এতে দূরপাল্লার বাস শহরে ঢুকে সৃষ্টি করছে যানজট। ফলে একদিকে পরিবহন শ্রমিকদের অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে, অন্যদিকে চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা।
আরও পড়ুন: বরাদ্দ সংকট: ৩ বছর ধরে বেনাপোল পৌর বাস টার্মিনালের কাজ বন্ধ
ঢাকাগামী যাত্রীরা জানান, অষ্টমীতলার এই বাস টার্মিনালটি চালু হলে শহরসহ আশপাশে যানজট কমে যাবে, মানুষ খুব সহজে শহরে যাতায়াত করতে পারবে।
স্থানীয়রা জানান, এটি চালু হলে টার্মিনালটির আশপাশে কর্মসংস্থানের সৃষ্টি হবে। এরই মধ্যে ওই এলাকায় বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ, ওষুধের দোকান, ইলেকট্রনিকসের দোকানসহ বিভিন্ন দোকান চালু হয়েছে। তবে যাত্রী যাতায়াত না থাকায় সেগুলো তেমনভাবে চালু হয়নি, তাই দ্রুত টার্মিনাল চালুর দাবি তাদের।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পরিত্যক্ত বাস টার্মিনাল, যাত্রী ভোগান্তি
অবশ্য দ্রুত সময়ের মধ্যেই টার্মিনালটি চালুর আশ্বাস পৌরসভা মেয়রের।
শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বলেন, ‘শহরে যানজটের প্রধান কারণ যত্রতত্র বাস দাঁড়ানো। নির্দিষ্ট কোনো টার্মিনাল না থাকায় চালকরা যেখানে-সেখানে বাস দাঁড় করিয়ে রাখেন, তাতে সৃষ্টি হয় যানজটের। যদি নতুন এ বাস টার্মিনাল চালু হয়, তাহলে আমি মনে করি শহরের যানজট অন্তত ২৫ শতাংশ কমে যাবে। আমরা চেষ্টা করছি, আগামী মার্চে টার্মিনালটি চালু করার।’