নরসিংদীতে হাতের কবজি কেটে নিল প্রতিপক্ষ

February 10, 2023 at 05:04AM
from somoynews.tv | RSS Feed
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের চলমান বিরোধের জেরে ইব্রাহিম মিয়া (৪০) নামে একজনের হাতের কবজি কেটে ফেলার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন সবুজ মিয়া (৩০) নামে আরও একজন।
বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় উপজেলার নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও গ্রামের বাসিন্দা। তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বীরগাঁও এলাকার আবদুল হক গ্রুপের সঙ্গে রাজীব সরকার গ্রুপের বিরোধ চলছিল। দীর্ঘদিনের বিবাদের জেরে বৃহস্পতিবার বিকেলে মাদার বাড়ির আবদুল হক গ্রুপের লোকজন রাজীব সরকার গ্রুপের লোকজনের ওপর হামলা চালায়। এতে একজনের কবজি বিচ্ছিন্নসহ দুইজন গুরুতর আহত হন। এ ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: হাতের কব্জি কেটে ‘প্রকাশ্যে উল্লাস’: গ্রেফতার ৫
নিলক্ষা ইউপি চেয়ারম্যান অ্যাড. আক্তারুজ্জামান বলেন, ‘একপক্ষ অপরপক্ষের লোকজনের ওপর হামলা চালিয়েছে বলে খবর পেয়েছি। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন। আমি এলাকায় নেই, এ বিষয়ে খোঁজ খবর নেয়ার চেষ্টা করছি।’
রায়পুরা থানার উপপরিদর্শক (এস আই) আব্দুস সালাম বলেন, ‘এ ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’