শাহবাগে ফুলের দোকানে রাতেই ভিড়


February 13, 2023 at 10:52PM
from jagonews24.com | rss Feed

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে ফুলের দোকানে রাতেই ভিড় করছেন ক্রেতারা। এতে ফুল বিক্রি নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে দেখা গেছে ব্যস্ততা।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় রাজধানীর শাহবাগে ফুলের দোকানে দেখা গেছে এই চিত্র।

আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস। দিনটি উপলক্ষে প্রিয়জনের প্রতি ভালোবাসা দেখাতে ফুল কিনতে আসেন তরুণ-তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ। শাহবাগে ফুলের দোকানগুলোতে গিয়ে দেখা গেছে, মোড়ের প্রতিটি দোকানে বিভিন্ন বয়সের মানুষ ফুল কিনতে এসেছেন। কেউ মাকে ভালোবাসা জানাতে ফুল‌ কিনছেন, কেউ প্রিয়তমা স্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে, কেউ আগামীকাল ভালোবাসার মানুষটিকে ফুল দিয়ে বরণ করার জন্য এসেছেন ফুল কিনতে।

রাজধানীর নাজিম উদ্দিন রোড থেকে ফুল কিনতে আসা আহসান হাবীব জাগো নিউজকে বলেন, রাত ১২টায় মাকে ফুল দিয়ে ভালোবাসা জানাতে ফুল কিনতে আসলাম। আমার সবচেয়ে প্রিয় মানুষটিকেই প্রথম শুভেচ্ছা জানাবো।

রিয়াজ রায়হান নামের আরেক ব্যক্তি জাগো নিউজকে বলেন, কয়েক মাস আগে বিয়ে করেছি। বিয়ের পর এটাই প্রথম ভালোবাসা দিবস। প্রিয়তমা স্ত্রীকে ফুল দিয়ে ভালোবাসার শুভেচ্ছা জানানোর জন্য ফুল কিনছি।

আরও পড়ুন: যেসব দেশে ভালোবাসা দিবস নিষিদ্ধ

রাজধানীর আজিমপুর থেকে আসা জয় নামের এক ব্যক্তি জাগো নিউজকে বলেন, ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষকে ভালোবাসার প্রতীক, লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাতেই ফুল কিনতে এসেছি। এমন বিশেষ দিনে ভালোবাসার মানুষের সঙ্গে কাটাতে চাই।

এদিকে ক্রেতার উপস্থিতি বাড়ার কথা জানান শাহবাগে ফুলের দোকানিরাও। ফুলতলা ফ্লাওয়ার এর বিক্রেতা মো. সবুজ জাগো নিউজকে বলেন, আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস। এই দিন বিক্রি ভালো হবে, এই প্রত্যাশা রেখেই আমরা প্রস্তুতি নিয়েছি। আজ রাতেই বেশ কিছু ক্রেতা ফুল কিনতে এসেছেন। ফুলের বেচাকেনা শুরু হয়েছে ভালোবাসা দিবসের।

আরএসএম/এমএইচআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url