ঢাকায় ‘মেসি নাইট’ উদযাপন

January 06, 2023 at 07:50AM
from somoynews.tv | RSS Feed
শিশির ভেজা কনকনে শীতের সন্ধ্যায় হিমবাহ বায়ুতে কেঁপে উঠছে গাছের পাতা। তার মধ্যেই আর্জেন্টাইন সমর্থকদের উদযাপন, তাতে নেই কোনো কমতি। দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জেতায় উদযাপনে কমতি থাকার কথাও নয়। সেই স্বপ্ন জয়ের আনন্দে পালন করা হলো ‘মেসি নাইট’।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে ম্যারাডোনা এবং মেসি ফ্যান ক্লাবের পক্ষ থেকে এই উদযাপন করা হয়। আয়োজনে বিভিন্ন অঙ্গনের আর্জেন্টাইন সমর্থক গোষ্ঠী অংশগ্রহণ করে।
আরও পড়ুন: কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন উমতিতি
অনুষ্ঠানে অংশ নিয়ে বিচারক কেশব রায় চৌধুরী বলেন, ‘মেসিকে নিয়ে যা হচ্ছে সেটি ‘পাগলামি’। এটিই আমরা উপভোগ করি। এর আগে আমরা বিশ্বকাপ দেখার জন্য যুক্তরাষ্ট্র থেকে প্রোজেক্টর এনে খেলা দেখেছি। তবে আক্ষেপ ঘোচাতে পারিনি। কিন্তু এবার আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়েছে। এটিই আমাদের জন্য আনন্দের বিষয়। আমরা সেই মুহূর্তকে রাঙিয়ে তুলতে এ আয়োজন করেছি।’
স্পোর্টস সাংবাদিক খন্দকার মঞ্জুরুল ইসলাম দিলু আর্জেন্টাইন তারকা দিয়াগো ম্যারাডোনাকে নিয়ে বিভিন্ন স্মরণীয় সময়ের কথা উল্ল্যেখ করেন। এসময় তিনি বিভিন্ন স্মৃতিকথার মাঝে বলেন, ‘দিয়াগো ম্যারাডোনার জন্ম না হলে ফুটবল এত জনপ্রিয় হত না। সেই জনপ্রিয়তাকে দিয়াগোর পরে পূর্ণ করেছেন লিওনেল মেসি।’

অনুষ্ঠানের আয়োজক দেবাশীষ রঞ্জন সরকার বলেন, ‘অবশেষে ম্যারাডোনার নেয়া সর্বশেষ শিরোপাকে ঘরে ফেরালেন মেসি। তাতে সমর্থক হিসেবে আমাদের আনন্দের শেষ নেই। ম্যারাডোনা এবং মেসি ফ্যান ক্লাবের পক্ষ থেকে সেই উদযাপনকে আমরা আবারও স্মরণ করলাম। এখান থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি তারকা লিওনের মেসি ও আর্জেন্টিনার প্রতি।’
আরও পড়ুন: য়্যুভেন্তাসে কবে ফিরবেন ডি মারিয়া?
প্রসঙ্গত, কাতারে গত ১৮ ডিসেম্বর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। নির্ধারিত ও অতিরিক্ত মিলিয়ে দুদলের ১২০ মিনিটের খেলা ৩-৩ গোলে ড্র হলে পেনাল্টি শুটআউটে নির্ধারণ হয় শিরোপার ভাগ্য। যেখানে ৪-২ ব্যবধানে জিতে ট্রফি নিজেদের করে নেয় আলবিসেলেস্তেরা। এর আগে ১৯৭৮ ও ১৯৮৬ সালে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা।