ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদকর্মীকে ছুরিকাঘাতে হত্যা


January 10, 2023 at 04:57AM
from somoynews.tv | RSS Feed

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আশিকুর ইসলাম আশিক নামে এক সংবাদকর্মীকে হত্যা করা হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের দক্ষিণ মৌড়াইল এলাকায় এ ঘটনা ঘটে। আশিক ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।


নিহতের পরিবারের স্বজনরা জানান, শুক্রবার বিকেলে শহরের দক্ষিণ মৌড়াইলে বাতিঘর সংগঠনের একটি সভা ছিল। সেই সভায় আশিক অংশগ্রহণ করেছিলেন। সভাশেষে ব্যাটারি চালিত অটোরিকশায় সহকর্মীদের সঙ্গে শহরের কুমারশীল মোড় এলাকায় ফিরছিলেন আশিক। এ সময় তাকে বহন করা ইজিবাইকটি থামিয়ে রায়হান নামে এক যুবক তার বুকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়। তার সহকর্মীরা ধাওয়া করেও ঘাতককে ধরতে ব্যর্থ হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: জ্যেষ্ঠ সাংবাদিক মাইন উদ্দিন আহমদ মারা গেছেন


নিহতের মা রহিমা বেগম বলেন, ‘আমার ছেলে বেওয়ারিশ লাশ দাফন করত সব সময়। সে কেন এভাবে লাশ হয়ে গেল। আমি এ ঘটনার বিচার চাই ‘


নিহতের বোন সুমা আক্তার বলেন, ‘গতকাল রাতে আমার আব্বা বিদেশ থেকে দেশে ফিরে। আমার ভাই আব্বাকে ঢাকা থেকে নিয়ে ভোররাতে ব্রাহ্মণবাড়িয়া ফিরে আসে। আজকে (সোমবার) দুপুরে মিটিং আছে বলে বাসা থেকে বের হয় আমার ভাই। আমার ভাই সব সময় বেওয়ারিশ লাশ দাফন করত, আমার ভাইকে আজকে লাশ বানিয়ে দিল। প্রধানমন্ত্রীর কাছে আমার ভাই হত্যার বিচার চাই।’


বাতিঘর সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আজহারুল ইসলাম বলেন, ‘আজকে দুপুরে আমাদের সংগঠনের সভা ছিল। সভা শেষ করে আমরা ফেরার পথে অটোরিকশায় ওঠার সময় আশিককে রায়হান নামে এক যুবক হঠাৎ বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক দাবি করছি।’


আরও পড়ুন: সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগে ছাত্রদলের তিন নেতা বহিষ্কার


হাসপাতালের চিকিৎসক আরাফাত ইসলাম বলেন, ‘নিহতের বুকের বামপাশে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার পরই তার মৃত্যু হয়েছে। আমরা ইসিজি করে তাকে মৃত ঘোষণা করি।’


ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন জানান, ঘাতক রায়হানকে শহরের শিমরাইল কান্দি এলাকা থেকে ছুরিসহ গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রক্ত দেয়াকে কেন্দ্র করে শহরের কাউতলী এলাকায় রায়হানের সঙ্গে আশিকের বাদানুবাদের ঘটনা ঘটেছে। এ ঘটনার বিরোধ থেকে হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url