জৌকুড়া-নাজিরগঞ্জ নৌ রুটে বিআইডব্লিউটিসির ফেরি চলাচল শুরু

January 02, 2023 at 06:51AM
from somoynews.tv | RSS Feed
রাজবাড়ীর জৌকুড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌ রুটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ফেরি চলাচল শুরু হয়েছে।
রোববার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পরীক্ষামূলকভাবে ফেরি কদমের মাধ্যমে এই নৌ রুটে বিআইডব্লিউটিসির প্রথম ফেরি চলাচল শুরু হয়।
জানা গেছে, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও নাটোরসহ উত্তরাঞ্চলের সঙ্গে রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও বরিশালসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম রাজবাড়ীর জৌকুড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌ রুট। এসব জেলার বাস, প্রাইভেটকার ও পণ্যবাহী যানবাহন এ নৌ রুট দিয়ে পারাপার হয়। নৌ রুটটি দেখভালের দায়িত্বে ছিল রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগ। সড়ক ও জনপথ বিভাগের অধীনে এ নৌ রুটে তিনটি ফেরি থাকলেও দু'টি ফেরি সারাবছর বন্ধ থাকত। যে কারণে একটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হতো।
এ ছাড়া শুকনো মৌসুমে নাব্যতা সংকট আর বর্ষায় স্রোতের কারণে বছরের আট মাসই বন্ধ থাকতো এ নৌ রুটে ফেরি চলাচল। তখন মানুষের পারাপারের একমাত্র ভরসা হয়ে দাঁড়াত অনুমোদনহীন ইঞ্জিনচালিত নৌকা। আর পণ্যবাহী ট্রাককে ২০০ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হতো গন্তব্যে। তাই সম্প্রতি এ নৌ রুটের গুরুত্ব অনুধাবন করে সারাবছর ফেরি সার্ভিস চালু রাখার উদ্যোগ গ্রহণ করে বিআইডব্লিউটিসি।
সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নৌ রুটে নাব্যতা সংকট দূর করতে গত ২১ অক্টোবর পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীসহ বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তারা নাব্যতা সংকট দূর করতে খনন কাজের উদ্বোধন করেন।
আরও পড়ুন: আট ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল শুরু
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর সাড়ে ৩টার দিকে প্রথম ট্রিপে তিনটি ছোট যানবাহন ও কয়েক শত যাত্রী নিয়ে রাজবাড়ীর জৌকুড়া ঘাট ছেড়ে যায় ইউটিলিটি কদম নামে ফেরিটি। এ সময় সাধারণ যাত্রী ও দর্শকরা হাত তালি দিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের অতিরিক্ত পরিচালক এ কে এম আরিফ উদ্দীন বলেন, জৌকুড়া-নাজিরগঞ্জ নৌ রুটটি আগে সড়ক ও জনপথ বিভাগের অধীনে ছিল। আমরা ১২ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদী ড্রেজিং করে নৌ রুটটি সচল করেছি। এই নৌ রুটে সারাবছর ফেরি সার্ভিস চালু রাখতে আমরা কাজ করে যাব। নৌ রুটটি সচল রাখতে পারলে সারাবছর ফেরি চলাচল করবে। এই নৌ রুট থেকে সরকারের বড় অঙ্কের রাজস্ব আদায় হবে।
বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান বলেন, আজ থেকে পরীক্ষামূলকভাবে জৌকুড়া-নাজিরগঞ্জ নৌ রুটে বিআইডব্লিউটিসির অধীনে ফেরি চলাচল শুরু হয়েছে। আপাতত দিনে ও রাতে এই নৌ রুটে কদম, ক্যামেলিয়া ও কুঞ্জলতা নামে মোট তিনটি ফেরি চলাচল করবে। এরপর যে কোনো দিন আনুষ্ঠানিকভাবে এই নৌ রুটে ফেরি চলাচলের উদ্বোধন করা হবে। পর্যায়ক্রমে ফেরির সংখ্যা বাড়ানো হবে বলেও জানান তিনি।