রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডা-জ্বর, নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা

January 08, 2023 at 05:00AM
from somoynews.tv | RSS Feed
শীতের সঙ্গে পাল্লা দিয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে বাড়ছে ঠান্ডা, জ্বর, নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। শনিবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর বিভিন্ন হাসপাতালে গিয়ে দেখা যায়, বেশির ভাগ হাসপাতালে ঠান্ডা, জ্বর ও নিউমোনিয়ার সমস্যা নিয়ে রোগী আসছে। তার মধ্যে শিশু ও বয়স্করা বেশি।
শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুন নাহার বলেন, এ সময়টায় শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নিতে হবে। তাদের সবসময় কভারিং অবস্থায় রাখতে হবে।
সন্ধ্যায় বাংলাদেশ শিশু হাসপাতালে গিয়ে দেখা যায়, গত তিন দিনে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে তিন গুণ। শিশু রোগীতে ঠাসা সাধারণ ওয়ার্ড থেকে শুরু করে আইসিইউ শয্যা পর্যন্ত।
সপ্তাহ ধরে চলা শীতের দাপটে কাবু সারা দেশ। বাংলাদেশ শিশু হাসপাতালে আসা চার মাস বয়সী মুনতাসীর নামে এক শিশু নিউমোনিয়ায় আক্রান্ত। একই অবস্থা ১২ মাস বয়সী লামিয়া ও মাত্র ২ মাস ১০ দিনের তানজিলার। প্রচণ্ড শীতের প্রভাবে তারা আক্রান্ত হয়েছে নিউমোনিয়ায়। কিছুক্ষণ পরপর কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্যে দেয়া হচ্ছে অক্সিজেন।
আরও পড়ুন: করোনার নতুন উপধরন মোকাবিলায় প্রস্তত হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
এদিকে আক্রান্ত শিশুর চিকিৎসায় দেশের বিভিন্ন জেলা থেকে অভিভাবকরা আসছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে।
চিকিৎসকরা জানান, বাংলাদেশ শিশু হাসপাতালে ঠান্ডা-জ্বর, নিউমোনিয়াসহ বিভিন্ন সমস্যা নিয়ে আসা রোগীর সংখ্যা বেড়েছে তিন গুণ। সাধারণ ওয়ার্ডসহ আইসিইউ শয্যায় তিল ধারণের ঠাঁই নেই।
বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসকরা জানান, এভাবে যদি রোগী বাড়তে থাকে, তাহলে বেড দেয়া যাবে না। এরই মধ্যে সব জায়গা পূর্ণ হয়ে গেছে।
আর শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুন নাহার বলেন, ঠান্ডায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। এ সময় অবশ্যই তাদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। পাশাপাশি কোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
রোগীর সংখ্যা আরও বাড়লে সাধারণ শয্যাসহ আইসিইউ শয্যা সংকট ভয়াবহ রূপ নেয়ার শঙ্কার কথাও জানান এ চিকিৎসক।
তিনি আরও বলেন, ‘আমাদের হাসপাতালে এখনি সব জায়গা পূর্ণ হয়ে গেছে।’
আবহাওয়া স্বাভাবিক না হওয়া পযন্ত সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
]]>