ওয়ানডেতে ফিরেই বাজিমাত রিজওয়ানের

January 10, 2023 at 06:11AM
from somoynews.tv | RSS Feed
ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে বাজে ফর্মের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে জায়গা হয়নি মোহাম্মদ রিজওয়ানের। তবে ওয়ানডে দলে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন এ উইকেটরক্ষক। তার অপরাজিত ৭৭ রানের ইনিংসে ভর করে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে কিউইদের ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
সোমবার (৯ জানুয়ারি) নিউজিল্যান্ডের দেয়া ২৫৫ রানের টার্গেট ১১ বল হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা।
রিজওয়ান ছাড়াও দলের জয়ে ব্যাট হাতে ভূমিকা রেখেছেন অধিনায়ক বাবর আজম ও ওপেনার ফখর জামান। বাবরের ব্যাট থেকে ৬৬ আর ফখরের ব্যাট থেকে আসে ৫৬ রান। বল হাতে অবশ্য পাকিস্তানের নায়ক নাসিম শাহ। ৫৭ রান খরচে তিনি তুলে নেন ৫ উইকেট। এতেই ম্যাচসেরার পুরস্কার জিতে নেন এ পেসার।
এর আগে করাচিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ওপেনার ফিন অ্যালেন ২৭ বলে ২৯ রানের ইনিংস খেললেও আরেক ওপেনার ডেভন কনওয়ে সাজঘরে ফেরেন গোল্ডেন ডাককে সঙ্গী করে।
আরও পড়ুন: আইএলটি-২০ মাতাতে তর সইছে না ইংলিশ ব্যাটারের
তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরার চেষ্টা করেন কিন্তু উসামা মিলের বলে ঘূর্ণিতে কেইন উইলিয়ামসন বোল্ড হলে ভাঙ্গে ড্যারিল মিচেলের সঙ্গে তার ৩২ রানের জুটি। ৩৯ বলে ৩ বাউন্ডারিতে ২৬ করেন উইলিয়ামসন। মিচেল আউট হন দলীয় ১২৫ রানে মোহাম্মদ নেওয়াজের শিকার হয়ে। ৫৫ বল মোকাবেলায় তিনি করেন ৩৬ রান। ক্রিজের অপরপ্রান্তে থাকা টম লাথামকে সাজঘরে ফেরান উসামা মির। ৫২ বলে ৩ বাউন্ডারিতে তিনি করেন ৪২ রান। এরপর বোলিং আক্রমণে এসে একে একে গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, হেনরি শিপলি ও মিচেল স্যান্টনারকে ফেরান নাসিম শাহ। ফিলিপস ৩৭, ব্রেসওয়েল ৪৩ ও স্যান্টনার ২১ রান করেন।
জবাব দিতে নেমে ১৪ বলে ১১ রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন পাক ওপেনার ইমাম-উল-হক। তাকে শিপলির ক্যাচে পরিণত করেন ব্রেসওয়েল। দ্বিতীয় উইকেট জুটিতে দলকে ৭৮ রান এনে দেন বাবর ও ফখর জামান। ফখর ৭৪ বলে ৭ বাউন্ডারির সাহায্যে ৫৬ রান করে ব্রেসওয়েলের বলে বোল্ড হন। ৮২ বলে ৫ চার ও এক ছক্কায় ৬৬ রান করে ফিলিপসের বলে স্টাম্পিংয়ের শিকার হন বাবর। ৩ উইকেট হারিয়ে ১৬৮ রান করা পাকিস্তানের বাকি দায়িত্বটা সেরে নেন মোহাম্মদ রিজওয়ান।
আরও পড়ুন: পাকিস্তান সফরে হেনরির জায়গায় ব্রেসওয়েল
ইংল্যান্ডের বিপক্ষে গত মাসে ঘরের মাঠে টেস্ট সিরিজে পারফরম্যান্স খরায় নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে দলে সুযোগ পাননি রিজওয়ান। তার জায়গায় খেলা সরফরাজ আহমেদ সুযোগ পেয়েই ৩ ফিফটি ও এক সেঞ্চুরিতে জিতে নেন সিরিজ সেরার পুরস্কার। তাতে রিজওয়ানের ওয়ানডে একাদশে সুযোগ পাওয়া নিয়েও সংশয় দেখা দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত একাদশে ফিরেছেন রিজওয়ান। আর ফিরেই ৮৬ বল মোকাবিলায় ৬ চার ও এক ছক্কায় অপরাজিত ছিলেন ৭৭ রান করে।
আগামী ১১ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।