প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব গ্রহণ করলেন তোফাজ্জল হোসেন


December 08, 2022 at 11:35PM
from jagonews24.com | rss Feed

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. তোফাজ্জল হোসেন মিয়া। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার (৭ ডিসেম্বর) তাকে এই পদে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

সরকারের অন্যতম সর্বোচ্চ এ পদে যোগদানের আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব, মহাপরিচালকসহ নানান পদে দায়িত্ব পালন করেন। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ইত্যাদি দপ্তরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

তোফাজ্জল হোসেন মিয়া দীর্ঘদিন মাঠ প্রশাসনেও দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা, কুমিল্লা ও পঞ্চগড় জেলার জেলা প্রশাসক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) ইত্যাদি পদেও তার কাজ করার বিস্তৃত ও বৈচিত্র্যময় অভিজ্ঞতা রয়েছে।

১৯৯১ সালে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। এরপর থেকে তিনি তাঁর দীর্ঘ কর্মজীবনে একদিকে যেমন সরকারের বিভিন্ন নীতি-কৌশল, পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কার্যক্রমে প্রত্যক্ষভাবে অবদান রেখেছেন, তেমনিভাবে মাঠ পর্যায়ে কাজ করার মধ্য দিয়ে সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে ভূমিকা রেখেছেন। তার ওপর ন্যস্ত সরকারি দায়িত্ব পালনে উল্লেখযোগ্য কৃতিত্ব প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন তোফাজ্জল হোসেন মিয়া

তোফাজ্জল হোসেন মিয়া দেশে ও বিদেশে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় হতে ‘লিডারশিপ’ বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেন। এ প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করার জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাকে বিশেষ সম্মানজনক পুরস্কারে ভূষিত করে। ভূমি ব্যবস্থাপনা, সরকারি প্রকল্প ব্যবস্থাপনা, সুশাসন, আইন ও প্রশাসন ইত্যাদি বিষয়েও তিনি স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ নেন।

তোফাজ্জল হোসেন শিক্ষা জীবনেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় হতে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট (ইসিডি) বিষয়ে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

ইএ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url