দ্রুত উইকেট তুলে নিয়ে ভারতবধের স্বপ্ন দেখছে বাংলাদেশ

December 25, 2022 at 06:29AM
from somoynews.tv | RSS Feed
ঢাকা টেস্টের চতুর্থ দিনে জয় ভিন্ন কিছু ভাবছে না বাংলাদেশ। নিজেদের ফেভারিট মেনে প্রতিপক্ষ চাপে আছে বলে দাবি ব্যাটার লিটন কুমার দাসের। তবে ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় তুলে নিতে দ্রুত উইকেট নেয়ার সঙ্গে ফিল্ডিংয়েও মনোযোগী হবার তাগিদ এই ব্যাটারের। এদিন সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন বাংলাদেশের ব্যাটিং সেনসেশান।
আত্মবিশ্বাসী লিটনের কণ্ঠে ঢাকা টেস্টে ইতিবাচক ফলই বাস্তবতা। চতুর্থ দিনে জয়ের দিকে থাকছে তার চোখটা। অবশ্য আত্মবিশ্বাসী হওয়াটাই তো স্বাভাবিক। ম্যাচের লাগামটা স্বাগতিকদের হাতে, আর চাপে সফররতরা। শেষ ৭ বছরে চতুর্থ ইনিংসে ১৪০ রানের বেশি তাড়া করে ভারত ম্যাচ জিতেছে মাত্র একটা। ভেন্যুটা যখন মিরপুর, তা আরো কঠিন।
তৃতীয় দিন শেষে তাই নিজেদের এগিয়ে রাখলেন লিটন কুমার দাস। ১০০ রানের পুঁজিকে যথেষ্ট মানলেও চতুর্থ দিনের সকালের সেশনে ভালো খেলার বিকল্প দেখছেন না তিনি।
আরও পড়ুন:মিরাজের হাত ধরে অবিশ্বাস্য কিছুর আশায় বাংলাদেশ
লিটন বলেন, 'আমরা ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামলে তারা ভেঙে পড়বে। এটাই আমাদের লক্ষ্য। আমাদের জিততে হবে। পরিকল্পনা এটুকুই। তাদের বরং ভালো পরিকল্পনা থাকতে পারে।'
ভারতের বিপক্ষে কখনোই টেস্ট জেতা হয়নি বাংলাদেশের। ওয়ানডে বা টি-টোয়েন্টিতে দুদলের লড়াইটা টানটান উত্তেজনা ছড়ালেও টেস্টে খুব একটা পাত্তা পায় না বাংলাদেশ। লিটন মনে করেন, এই টেস্টে ভারতকে না হারাতে পারার কোন কারণ নেই। সকালে দ্রুত উইকেট তুলে নিলেই সম্ভব জয়।
আরও পড়ুন:এক মিরাজেই কাঁপছে ভারত
তিনি বলেন, 'অবশ্যই জেতা সম্ভব। সকাল সকাল যদি এক-দুইটা উইকেট নিতে পারি, অবশ্যই জেতা সম্ভব। যত বড় ব্যাটারই ক্রিজে থাকুক না কেন, হাতে উইকেট না থাকলে অনেক কিছু চাইলেই করতে পারবে না। এসেই যদি ২ উইকেট নিতে পারি, এরপর রিশভ আছে, আইয়ার আছে। অবশ্যই তারা ভালো খেলোয়াড়, তবে চাপে থাকবে। এক নম্বর দলের বিপক্ষে জয়ের চেয়ে ভালো অর্জন কিছু হতে পারে না।'
বছরের শুরুটা হয়েছিলো নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক এক জয় দিয়ে। বছরের শেষে হাতছানি দিচ্ছে প্রথমবারের মতো টেস্টে ভারতবধের সুযোগ। আর তা করতে পারলে টেস্ট ক্রিকেটে দারুণ এক বছর পার করবে লাল-সবুজের দল।