ম্যারাডোনাকে বিশ্বকাপ উৎসর্গ করলেন মেসি

December 21, 2022 at 06:28AM
from somoynews.tv | RSS Feed
অনেক ত্যাগ-তিতিক্ষার পর আর্জেন্টিনার ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে কাতারে শিরোপা হাতে নিলেন লিওনেল মেসি। কিন্তু সে দৃশ্য মাঠে বসে দেখার জন্য ছিলেন না আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। তবে এমএলটেনের বিশ্বাস, ম্যারাডোনা স্বর্গে বসেই তাদের বিজয়োল্লাস দেখেছেন। দেশে ফেরার পর কিংবদন্তিকে উৎসর্গ করেছেন ফিফা বিশ্বকাপের ট্রফি।
১৯৮৬ সালে ম্যারাডোনার হাত ধরে শেষবার বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। এরপর অনেক তারকাই গায়ে জড়িয়েছিল আলবিসেলেস্তেদের ১০ নম্বর জার্সি। কিন্তু কেউই কথা রাখতে পারেননি। তবে মেসির ওপর ভরসা ছিল ম্যারাডোনার। যোগ্য উত্তরসূরি হিসেবে তার হাত ধরে আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ছিল ম্যারাডোনার।
২০১৪ সালে কিংবদন্তির সে স্বপ্ন পূরণের খুব কাছেও ছিলেন এমএলটেন। কিন্তু জার্মানির কাছে ফাইনালে ১-০ গোলের হারে তা পূরণ হয়নি। সে আক্ষেপ ঘুচিয়ে আট বছর পর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। তিন যুগের অবসান ঘটিয়ে অবশেষে আলবিসেলেস্তেদের স্বপ্নের ট্রফি উঁচিয়ে ধরেন লিওনেল মেসি। কিন্তু সে দৃশ্য দেখার জন্য উপস্থিত নেই ম্যারাডোনা। আক্ষেপ নিয়ে দুবছর আগে ২০২০ সালের নভেম্বরে পৃথিবী থেকে বিদায় নেন এ কিংবদন্তি।
আরও পড়ুন: বিশ্বকাপ জিতেও ম্যারাডোনাকে ছাড়িয়ে যেতে পারেননি মেসি
এ দিকে মেসির হাতে স্বপ্নের ট্রফি দেখার জন্য রাজধানী বুয়েনোস আইরেসে জনস্রোতে পরিণত হয়। ছাদখোলা বাসে বিশ্বচ্যাম্পিয়নদের অভ্যর্থনা জানান হাজার হাজার মানুষ। এর মধ্যেও লিওনেল মেসি শুধু একজনকেই খুঁজছেন। তার ফুটবল আইডল ম্যারাডোনা। নিজের হাতে থাকা ট্রফিটি কিংবদন্তির হাতে তুলে দেয়ার সুযোগ নেই, তবে উৎসর্গ করতে তো কোনো বাধা নেই।
নিজের সামাজিক মাধ্যমে মঙ্গলবার (২০ ডিসেম্বর) ১৯৮৬ সালে বিশ্বকাপ হাতে ম্যারাডোনার একটি উল্লাসের ছবি পোস্ট করে মেসি লেখেন, ‘এ বিশ্বকাপ ট্রফিটা ডিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করলাম। যিনি স্বর্গ থেকে আমাদের সাহস যুগিয়েছেন।’
এর আগে অবশ্য মেসি দেশের মানুষকে বিশ্বকাপ উৎসর্গ করেন। এ শিরোপা যে শুধু আলবিসেলেস্তেদের নয়, তার জীবনেরও অনেক বড় স্বপ্ন ছিল সেটা প্রকাশ করতে ভুলেননি তিনি।
আরও পড়ুন: বিশ্বকাপের সেরা একাদশে আর্জেন্টিনার আধিপত্য, নেই ব্রাজিলের কেউ
সাত বারের ব্যালন ডি’অর জয়ী লেখেন, ‘আমার সব সময় বিশ্বচ্যাম্পিন হওয়ার স্বপ্ন ছিল। আমি কখনো চেষ্টা থামাইনি। এমনকি এটা কখনো হবে না জেনেও।’
২০১৪ সালে যারা শিরোপা জয়ের কাছে থেকে দুঃখ নিয়ে ফিরেছিল, তাদেরকেও ট্রফি উৎসর্গ করেছেন মেসি। লিওনেল মেসি এবং অ্যাঞ্জেল ডি মারিয়া বাদে ওই বিশ্বকাপের কোনো ফুটবলার বর্তমান দলে ছিল না।