কঠিন পরীক্ষায় স্পেন, কোয়ার্টার ভাগ্য গড়াল অতিরিক্ত সময়ে

December 07, 2022 at 04:54AM
from somoynews.tv | RSS Feed
শেষ ষোলোর লড়াইয়ে মরক্কোর বিপক্ষে কঠিন পরীক্ষার সামনে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন। নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য ড্র হওয়ায় ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে।
এডুকেশন সিটি স্টেডিয়ামে মঙ্গলবার (৬ ডিসেম্বর) মরক্কো-স্পেনের শেষ আটের ভাগ্য অতিরিক্ত ৩০ মিনিটে নির্ধারণ হওয়ার অপেক্ষায়।
এদিন প্রায় ৭৫ শতাংশ সময় বল দখলে রেখে টিকিটাকা খেলে গেছে স্পেন। তবে তাদের সে কৌশল ভেদ করতে পারেনি মরক্কোর রক্ষণদুর্গ। অন্যদিকে সুযোগের সন্ধানে থাকা আশরাফ হাকিমিরা একাধিক কাউন্টার আক্রমণ করেও জালের দেখা পায়নি।
র্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান ১৫ ধাপের। এখন পর্যন্ত তিনবার মুখোমুখি লড়াইয়ে দুবারই জিতেছে স্পেন। তবে সবশেষ দেখায় ২০১৮ সালের বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে ২-২ গোলে ড্র করেছে এ দুই দেশ। চার বছর পর আবার মুখোমুখি লড়াইয়ে নেমে প্রথম ১০ মিনিটে আক্রমণ ও পাল্টা-আক্রমণে কেউই কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ১১ মিনিটে প্রথম গোলের উদ্দেশ্যে ডি-বক্সের বাইরে থেকে ফ্রি-কিক নেয় মরক্কো। তবে আশরাফ হাকিমির জোরালো শটটি থাকেনি লক্ষ্যে। তিন মিনিট পর নুসাইর মাজরাউয়ির ক্রস স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন গ্লাভসবন্দি করে দলকে বিপদমুক্ত করেন।
আরও পড়ুন: আফ্রিকার আশা বাঁচিয়ে রাখতে পারবে মরক্কো?
২১ মিনিটে ভীতি ছড়িয়েছিল হাকিম জিয়েশ। একক নৈপুণ্যে মাঝ মাঠ থেকে বল টেনে নিয়ে তিনি ঢুকে পড়েন স্প্যানিশ রক্ষণদুর্গে। তবে আয়মারিক লাপোর্তের বাধায় তিনি গোলের উদ্দেশে শট নিতে পারেননি। তিন মিনিট পর উল্টো গোল হজম করতে বসেছিল মরক্কো। সতীর্থের ক্রস দখলে নিয়ে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনোকে পরাস্ত করে গোলের উদ্দেশে শট নেন গাভি। তবে তার শটটি বাধা পায় বারে। ফিরতি বলে শট নেন ফেরান তোরেস। এবার বাধা হয়ে দাঁড়ান মরক্কোর ডিফেন্ডাররা।
তবে তাতে হতাশ হওয়ার কিছু ছিল না ২০১০ সালের চ্যাম্পিয়নদের জন্য। কারণ লাইন্সম্যান পতাকা তুলে সংকেত দেন অফসাইডের। পরের মিনিটে আবার আক্রমণে উঠে শট নেন মার্কো অ্যাসেনসিও। দ্রুত গতিতে ছুটে চলায় লক্ষ্য ঠিক রাখতে পারেননি তিনি। ৩৩ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড় থেকে বল কেড়ে নিয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শট নেন নুসাইর মাজরাউয়ি। কোনো রকম ঠেকিয়ে দিয়ে দলকে গোল হজম থেকে উদ্ধার করেন সিমন। অন্যদিকে টিকিটাকা ফুটবল খেলতে থাকা লুইস এনরিকের শিষ্যরা বার বার আক্রমণে উঠলে গোলের উদ্দেশ্যে তাদের শট নিতে দেননি হাকিমিরা।
আরও পড়ুন: সেমিফাইনালেই দেখা হবে ব্রাজিল-আর্জেন্টিনার?
৪১ মিনিটে গোলবারের সামনে নায়েফ ঠিকঠাক হেড দিতে না পারায় গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করে মরক্কো। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে প্রথমার্ধ শেষ করে দুই দল।
বিরতির পরও স্পেন বার বার আটকা পড়েছে মরক্কোর রক্ষণদুর্গে। ৫৫ মিনিটে এনরিকের শিষ্যরা প্রথম অন টার্গেট শট নেয়। তবে সেটা ভেদ করতে পারেনি মরক্কোর জাল। ডি-বক্সের বাইরে থেকে নেয়া অ্যাসেনসিও’র জোরালো ফ্রি-কিক শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন বুনো।
৮০ মিনিটে গোলের দারুণ সুযোগ নষ্ট করে দানি ওলমো। ডানপ্রান্ত থেকে উইলিয়ামসের পাঠানো পাস গোলবারের সামনে পেলেও জালে জড়াতে পারেননি ওলমো। ৮২ মিনিটে ওয়ান টু ওয়ান পজিশনে গোল করতে ব্যর্থ হন আলভারো মোরাতা। তিন মিনিট পর লিড পেতে পারতো মরক্কো। কিন্তু প্রতিপক্ষের ডি-বক্সে নিজের নিয়ন্ত্রণ ঠিক রাখতে না পারায় জোরালো শট নিতে পারেননি ওয়ালিদ।
অন্যদিকে সুযোগ পেলেই কাউন্টার অ্যাটাকের চেষ্টা করেছে হাকিমিরা। তবে তারাও সাফল্যের দেখা পায়নি। ৯০ মিনিটের খেলা শেষে যোগ করা সময়েও দুই দলের ফরোয়ার্ডরা ব্যর্থ হন বল জালে জড়াতে।