‘প্রতিটি জন্মই হোক আকাঙ্ক্ষিত, প্রতিটি প্রসবই হোক নিরাপদ’

December 30, 2022 at 08:09AM
from somoynews.tv | RSS Feed
প্রসূতি নারীদের স্বাস্থ্য সেবা, সন্তান প্রসবসহ নারী ও শিশুদের সেবায় গৃহীত নানামুখী কর্মসূচি নিয়ে ফেনীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে মেরী স্টোপস বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ফেনীর একটি অভিজাত হোটেলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মিডিয়া ব্যক্তিত্ব শাহনাজ মুন্নীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন মেরী স্টোপস বাংলাদেশের পরিচালক (করপোরেট সার্ভিস) জাহিদুল ইসলাম আনসারী।
আরও পড়ুন: মাতৃত্বকালীন সংশোধিত ছুটি বিধিমালা বাতিলের দাবি
মেরী স্টোপস বাংলাদেশের জেনারেল ম্যানেজার (মানব সম্পদ) শিমুল চক্রবর্তী বলেন, ‘প্রসবকালীন অধিকাংশ মা মাতৃত্বকালীন চিকিৎসা সেবা নেয়া থেকে বিরত থাকেন। এদের বেশিরভাগ নিজ বাড়ি বা দাইয়ের কাছে প্রসব চেষ্টায় ব্যর্থ হয়ে ক্লিনিকে আসেন। চিকিৎসা নেয়ার ব্যাপারে অসচেতনতা ও অসাবধানতার কারণে এমনটি হয়ে থাকে।’
শিমুল চক্রবর্তী আরও বলেন, ‘মায়েদের বিভিন্ন জটিলতার কারণে সিজারিয়ান অপারেশন করানো হয়। তাদের মধ্যে রোগীর জরায়ুতে টিউমার, বিস্তৃত গর্ভফুল, রক্তস্বল্পতা প্রভৃতি বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এসব মায়েরা প্রসবের আগে ধারাবাহিক এবং নিয়মিত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার ব্যাপারে অসতর্ক এবং উদাসীন। এ ব্যাপারে আরও সচেতন হতে হবে।’
আরও পড়ুন: গর্ভকালীন ডায়াবেটিস নিয়ন্ত্রণে করণীয়
মেরী স্টোপস বাংলাদেশের কার্যক্রম নিয়ে ডা. ফারহানা আহমেদ বলেন, ‘১৯৮৮ সাল থেকে মাতৃ মৃত্যুহার কমিয়ে আনতে কাজ করছে মেরী স্টোপস। বাংলাদেশসহ বিশ্বের ৩৭টি দেশে মেরী স্টোপসের কার্যক্রম চালু রয়েছে। বাংলাদেশের ২৮টি জেলায় ৪০টি ক্লিনিকে শিশু ও মায়েদের বিশেষত মাতৃকালীনসহ বিভিন্ন রকমের স্বাস্থ্যসেবা দেয়া হয়। সারা দেশের অন্য জেলার মতো ফেনীতেও তাদের কার্যক্রম চলমান।’
ডা. ফারহানা আহমেদ আরও বলেন, ‘প্রতিষ্ঠানটির মূল লক্ষ্যই হচ্ছে, “প্রতিটি জন্মই হোক আকাঙ্ক্ষিত এবং প্রতিটি প্রসবই হোক নিরাপদ।” প্রতিষ্ঠানটি সরকারি স্বাস্থ্যসেবার সঙ্গে কাজ করার পাশাপাশি সরকারি স্বাস্থ্য সেবা আরও মানসম্পন্ন ও তৃণমূল পর্যায়ে নিয়ে যাবার প্রচেষ্টা চালাচ্ছে। এ ছাড়া যেখানে সরকারি পর্যায়ের সেবার সুযোগ নেই মেরী স্টোপস সেখানেও তাদের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে।’
আরও পড়ুন: গর্ভকালীন পরিবর্তন
মতবিনিময় সভায় ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন মেরী স্টোপসের ম্যানেজার (ক্লিনিক অপারেশন) উজ্জ্বল কুমার কুণ্ড ও উপস্থিত সাংবাদিকবৃন্দ। এ সময় জেলার জ্যেষ্ঠ সাংবাদিক আবু তাহের, মীর হোসেন মীরু, শাহজালাল রতন, আজাদ মালদার, আবু তাহের, রবিউল হক রবি, এ কে এম আবদুর রহিমসহ ফেনীর ৩০ জন সাংবাদিক অংশ নেন।