থাইল্যান্ডে ন্যূনতম মজুরি দ্বিগুণ করার প্রতিশ্রুতি বিরোধী দলের


December 08, 2022 at 07:24AM
from somoynews.tv | RSS Feed

আসন্ন নির্বাচন সামনে রেখে থাইল্যান্ডে ন্যূনতম মজুরি দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির বিরোধী দল পিউ থাই পার্টি। সেই সঙ্গে বাজারে একচ্ছত্র আধিপত্য ও অবৈধ মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে দলটি। চলতি সপ্তাহে শুরু হওয়া নির্বাচনী প্রচারণায় এসব প্রতিশ্রুতি দিয়েছে পিউ থাই পার্টি।

পিউ থাই পার্টির পরিকল্পনা, ২০২৭ সালের মধ্যে ন্যূনতম দৈনিক মজুরি ৬০০ বাথ (যা ১৭ ডলারের সমান)-এ উন্নীত করা। দেশটিতে বর্তমান সর্বনিম্ন মজুরি ৩২৮ থেকে ৩৫৪ বাথ। দলটির নেতারা বলছেন, ক্ষমতায় গেলে মজুরি দ্বিগুণ করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

পিউ থাই পার্টি ২০১৪ সালের পর থেকে ক্ষমতার বাইরে রয়েছে। ওই বছর সামরিক অভ্যুত্থানে পিউ থাই সরকারকে উৎখাত করে ক্ষমতায় আসেন প্রায়ুত চান ওচা। এরপর ২০১৯ সালের এক বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে নিজের অবস্থান আরও শক্তিশালী করেন তিনি।

থাইল্যান্ডে আগামী বছরের ৭ মে নির্বাচন হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী প্রায়ুত চান এরই মধ্যে ওই নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন, প্রকাশ করেছেন ২০২৫ সাল পর্যন্ত দেশ শাসন করার আগ্রহ। 

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ডকে এগিয়ে আসার আহ্বান

মঙ্গলবার (৬ ডিসেম্বর) প্রধান বিরোধী পিউ থাই পার্টি প্রচারণা শুরু করে। বর্তমানে দলটির নেতৃত্ব দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পায়েতংতার্ন সিনাওয়াত্রা। প্রায়ুতের প্রতিপক্ষ পিউ থাই পার্টির ব্যাপক জনসমর্থন রয়েছে। কিন্তু সামরিক শাসনের অধীনে তৈরি বর্তমান থাই সংবিধানের বিধিব্যবস্থা সেনাবাহিনী-সংশ্লিষ্ট দলগুলোর পক্ষে পরিচালিত হচ্ছে।

চলতি বছরের সেপ্টেম্বরে সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী হিসেবে প্রায়ুতের আট বছরের মেয়াদ ২০২৫ সালে শেষ হবে বলে রায় দেন।

এদিকে, প্রায়ুত বর্তমান ক্ষমতাসীন জোট ও তার নেতৃত্বে থাকা পালং প্রচারথ পার্টি ছেড়ে নির্বাচনের আগে একটি নতুন দলে যোগ দেবেন বলে গুঞ্জন রয়েছে। অনেকে বলছেন, দলটি তার জন্য ‘বিশেষভাবে’ তৈরি করা হবে। তবে বিষয়টিকে ‘গুজব’ হিসেবে অভিহিত করেছেন প্রায়ুত চান ওচা।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url